ঢাকার সব নামিদামি কলেজকে পেছনে ফেলে নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ এবারও এইচএসসি পরীক্ষায় মেধা তালিকায় দ্বিতীয় স্থান লাভ করেছে। সারাদেশে চতুর্থবারের মত চমক সৃষ্টি করা কলেজটি থেকে এ বছর মোট ৩৮৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাদের মধ্যে বিজ্ঞান শাখায় ১৭৩ জন, ব্যবসা শিক্ষায় ১৪২ জন এবং মানবিক শাখায় ৭৩ জন।
বিজ্ঞান শাখায় ১৭৩ জনের মধ্যে ১৭৩ জনই জিপিএ-৫, ব্যবসা শিক্ষায় ১৪২ জনের মধ্যে ১৩৯ জন এবং মানবিক শাখায় ৭৩ জনের মধ্যে ৬৬ জন জিপিএ-৫ পেয়েছে। সর্বমোট ৩৭৮ জন জিপিএ-৫ পেয়েছে।
এর আগের বছরও এ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বোর্ডে মেধা তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করে। শুধু তাই নয়, ২০০৬ সালে কলেজটি প্রতিষ্ঠার পর প্রথমবারের মত ২০০৮ সালের এইচএসসি পরীক্ষায় শতকরা ৯৯ ভাগ পাস করে। ২০০৯ সালে ঢাকা বোর্ডে পঞ্চম এবং সারাদেশে সম্মিলিতভাবে ষষ্ঠ স্থান লাভ করে। ২০১০ সালের এইচএসসি পরীক্ষায় শতভাগ এবং ২০১১ সালে ঢাকা বোর্ডের মেধা তালিকার সেরা ২০ এ সপ্তম স্থান এবং শতভাগ পাসের ক্ষেত্রে চতুর্থ স্থান অধিকার করে।
আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা বলেন, আমাদের পরিশ্রম কাজে লেগেছে। আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পেরেছি। এর রহস্য কি জানতে চাইলে অধ্যক্ষ বলেন, মানুষের ইচ্ছাই তাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেয়। একাধিক শিক্ষার্থী বলেন, শিক্ষক ও অভিভাবকদের নির্দেশ ও নিয়মনীতি মেনে চলার কারণেই আজকের এই ফলাফল।
