বিশ্বে প্রথম নারী হিসেবে গণিতের নোবেল বলে খ্যাত ফিল্ডস মেডেলে ভূষিত হলেন ইরানি গণিতবিদ মরিয়ম মির্জাখানি। গতকাল বুধবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে ইন্টারন্যাশনাল কংগ্রেস অব ম্যাথামেটিশিয়ানস আরও তিনজন গণিতবিদের সঙ্গে স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক এই নারীর নাম ঘোষণা করে ফিল্ডস মেডেল বিজয়ী হিসেবে। জ্যামিতি শাস্ত্রের জটিল বিষয়ে অবদানের জন্য অধ্যাপক মির্জাখানিকে এ পুরস্কার দেওয়া হচ্ছে। খবর বিবিসির।
১৯৩৬ সালে পুরস্কার চালুর পর থেকে এ পর্যন্ত ৫৬ জন গণিতবিদ এ পুরস্কার পেয়েছেন। প্রতি চার বছর পর গণিতবিদদের এ বিশ্ব সম্মেলন অনুষ্ঠিত হয়ে থাকে। ফিল্ডস মেডেল নির্বাচকমণ্ডলীর সদস্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেম ফ্রানসেস কিরওয়ান বলেন, গণিতকে সাধারণত পুরুষদের জন্য সংরক্ষিত বলে মনে করা হলেও বহু বছর ধরেই নারীরা এ বিষয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। আর মির্জাখানির পুরস্কার জয় গণিতের প্রতি নারীদের উত্সাহ আরো বৃদ্ধি করবে।
পুরস্কার পাওয়ায় স্টানফোর্ড ইউনিভার্সিটির ওয়েবসাইটে অনুভূতি প্রকাশ করে মির্জাখানি বলেন, এটি অনেক বড় সম্মান। আমি খুশি হবো এই পুরস্কার যদি কম বয়সী নারী বিজ্ঞানী ও গণিতবিদদের অনুপ্রাণিত করে। আমি নিশ্চিত সামনে আরও অনেক নারী এ ধরনের পুরস্কার লাভ করবেন। ইরানের রাজধানী তেহরানে জন্ম নেয়া মির্জাখানি ডক্টরেট করার জন্য হার্ভার্ডে যাওয়ার আগ পর্যন্ত ইরানেই বসবাস করতেন। উল্লেখ্য, ইন্টারন্যাশনাল ম্যাথমেটিকাল ইউনিয়নের (আইএমইউ) একটি নির্বাচক কমিটি গণিতের নোবেল পুরস্কারখ্যাত ফিল্ডস মেডেল প্রদান করে থাকে। কানাডীয় গণিতবিদ জন ফিল্ডস এই পুরস্কার প্রবর্তন করেন। পদকের পাশাপাশি পুরস্কার বিজয়ীদের ১৫ হাজার কানাডিয়ান ডলার প্রদান করা হয়।
