গোপালগঞ্জের টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিসৌধে এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত ৩৭ শিক্ষককে পুলিশ আটক করেছে। গতকাল বুধবার টুঙ্গিপাড়া থানা পুলিশ আন্দোলনরত শিক্ষকদের আটক করে।
এমপিওভুক্তির দাবিতে গোপালগঞ্জসহ আশপাশের জেলা ও উপজেলার স্কুল, কলেজ, মাদ্রাসার দেড় শতাধিক শিক্ষক টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিসৌধ এলাকায় সমবেত হয়ে মানববন্ধন কর্মসূচি পালনের চেষ্টা করে। বেলা ১১ টার দিকে তারা সমাধিসৌধে প্রবেশের চেষ্টা করলে পুলিশ ৩৭ জন শিক্ষককে আটক করে।
টুঙ্গিপাড়া থানার ওসি মনিরুল ইসলাম বলেছেন, ১৫ আগস্ট সমাধিসৌধ কমপ্লেক্সে ভিআইপিদের সফরকে কেন্দ্র করে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। এর মধ্যে শিক্ষকরা কর্মসূচি দিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য মানববন্ধনের আয়োজন করেছিল। আইন-শৃঙ্খলা রক্ষার্থে তাদের সেখান থেকে থানায় নিয়ে আসা হয়েছে।
