বিএনপি জোটের আন্দোলন নিয়ে সরকার চিন্তিত নয় :স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট : ১৩ আগস্ট ২০১৪, ২২:৫২
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, বিএনপি ও তাদের জোটের সরকার বিরোধী আন্দোলন নিয়ে সরকার মোটেও চিন্তিত নয়। জনসাধারণ দেশটাকে সুন্দর দেখতে চায়। বর্তমান সরকার দেশের জনগণকে সঙ্গে নিয়েই এগিয়ে যাচ্ছে। গতকাল বুধবার দুপুরে রাজশাহী সার্কিট হাউজে অনুষ্ঠিত বিভাগীয় আইন-শৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে যোগদান শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। রাজশাহী বিভাগীয় আইন-শৃঙ্খলা সংক্রান্ত ২ ঘণ্টাব্যাপী বৈঠকে রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারগণ নিজ নিজ এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার, বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ নাঈম আহম্মেদ, কারা মহাপরিদর্শক বিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার আহম্মেদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।