১১৪৭ কলেজে শতভাগ পাস, ২৪ কলেজে সবাই ফেল

আপডেট : ১৩ আগস্ট ২০১৪, ২২:৫৯
এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা ২৯৮টি বেড়েছে। অপরদিকে গত বছরের তুলনায় শূন্য পাস শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা একটি কমেছে। এবার ২৪ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি। অপরদিকে এক হাজার ১৪৭ প্রতিষ্ঠানের সবাই পাস করেছে। গত বছর ২৫ প্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেনি এবং ৮৪৯ প্রতিষ্ঠানের সবাই পাস করেছিল। ৮ সাধারণ শিক্ষা বোর্ডের ২১টি শূন্য পাস প্রতিষ্ঠানের মধ্যে ঢাকায় একটি ও রাজশাহী বোর্ডে দুটি। এছাড়া যশোর বোর্ডে ৮, চট্টগ্রাম বোর্ডে ১, বরিশাল বোর্ডের ২ ও দিনাজপুর বোর্ডে ৭ প্রতিষ্ঠানের সবাই অকৃতকার্য হয়েছে। কুমিল্লা ও সিলেট বোর্ডে কোনো শূন্য পাস প্রতিষ্ঠান নেই। এছাড়া মাদ্রাসা বোর্ডে তিনটি শূন্য পাস প্রতিষ্ঠান রয়েছে। শতভাগ পাস প্রতিষ্ঠানের ক্ষেত্রে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সর্বোচ্চ অবস্থানেও রয়েছে ঢাকা বোর্ড। এ বোর্ডে ৫১ প্রতিষ্ঠানের সবাই পাস করেছে। এছাড়া রাজশাহী বোর্ডে ১৫, কুমিল্লা বোর্ডে ৮, যশোর বোর্ডে ৫, চট্টগ্রাম বোর্ডে ৩, বরিশাল বোর্ডে ১, সিলেট বোর্ডে ১০ ও দিনাজপুর বোর্ডে ১৭টি শতভাগ পাস প্রতিষ্ঠান রয়েছে। মাদ্রাসা বোর্ডে ৮৫৯ ও কারিগরি বোর্ডে ১৭৮ প্রতিষ্ঠানের সবাই পাস করেছে।