যশোর বোর্ডে ফল বিপর্যয়

আপডেট : ১৩ আগস্ট ২০১৪, ২২:৫৯
এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ডে ফল বিপর্যয় ঘটেছে। এবার পাসের হার কমে ৬০ দশমিক ৫৮ ভাগে এসে দাঁড়িয়েছে। সারাদেশে এ হার ৭৮ দশমিক ৩৩। গত বছর যশোর বোর্ডে এ হার ছিল ৬৭ দশমিক ৪৯। গত চার বছর ধরেই যশোর বোর্ডে পাসের হার নিম্নমুখী। আর পাসের হার কমার সাথে সাথে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও কমেছে। এ বছর বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ২৩১ জন। গত বছর এ সংখ্যা ছিল ৪ হাজার ৭৪০। যশোর শিক্ষাবোর্ড থেকে এ বছর ১ লাখ ১৪ হাজার ৮১৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৬৯ হাজার ৫৫০ জন। বুধবার যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে এ চিত্র উঠে এসেছে। যশোর বোর্ড সার্বিক ফলাফলে অন্যান্য বোর্ডের তুলনায় বেশ পিছিয়ে আছে। ফল বিপর্যয়ের কারণ প্রসঙ্গে যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোহাম্মদ আবু দাউদ জানান, এ বছর ইংরেজি প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে পড়ে। এতে শিক্ষার্থীরা প্রভাবিত হয়েছে। কিন্তু যশোর বোর্ডে প্রশ্নপত্র ফাঁসের কোনো ঘটনা ঘটেনি। আর ইংরেজিতে ফলাফল খারাপ হওয়ার কারণেই ফল বিপর্যয় ঘটেছে।