ফ্রিল্যান্সার জাহিদের চিকিত্সা খরচ বহন করছে বেসিস

আপডেট : ১৪ আগস্ট ২০১৪, ১৯:০৯
বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড বিজয়ী ফ্রিল্যান্সার জাহিদুল ইসলামের চিকিত্সা সম্পর্কিত খরচ বহন করছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। গতকাল জাহিদের উন্নত চিকিত্সা সহায়তা ও বেসিস ওয়েলফেয়ার ফান্ড বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা জানান বেসিস সভাপতি শামীম আহসান। তিনি বলেন, ‘জাাহিদুল ইসলামের অসুস্থতার কথা জানার পর আমরা বেসিসের পক্ষ থেকে তার চিকিত্সার জন্য পদক্ষেপ গ্রহণ করি।’ তিনি জানান, চিকিত্সার খরচই শুধু নয়; তার প্লেন ভাড়া, পাসপোর্ট, ভিসা এমনকি দেশে ফিরে আসার পর যেসব খরচ রয়েছে, সেগুলোও বেসিস বহন করবে। অনুষ্ঠানে জানানো হয়, শুধু জাহিদ নয় আগামীতে শারীরিক প্রতিবন্ধী তরুণ-তরুণীদের সহায়তার জন্য ‘বেসিস ওয়েলফেয়ার ফান্ড’ গঠন করা হয়েছে। এই ফান্ড থেকে জাহিদকেই প্রথম সহায়তা দেওয়া হচ্ছে। এ ছাড়া তাদের জন্য একটি প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলা হবে, যেখানে প্রশিক্ষিত হওয়ার পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।