রজার ফেদেরার আবার ক্রিকেট খেলা শুরু করলেন; কবে যে তিনি ট্রিপল সেঞ্চুরি করবেন! তবে ক্রিকেটার না হলেও ট্রিপল সেঞ্চুরি কিন্তু ঠিকই করে ফেলেছেন তিনি। হরহামেশা না হলেও ক্রিকেটে একেবারে বিরল নয় ট্রিপল সেঞ্চুরির নজির। কিন্তু, ফেদেরার যা করেছেন সেটা শুধু বিরলই নয়, ইতিহাসের প্রথম এবং একমাত্র নজির। হ্যা, প্রথম টেনিস খেলোয়াড় হিসাবে ৩০০তম এটিপি ম্যাচ জিতেছেন এই জীবন্ত কিংবদন্তি।
সিনসিনাটি ওপেনে নিজের প্রথম ম্যাচে ভাসেক পসপিলকে ৭-৬ (৭-৪), ৫-৭, ৬-২ গেমে হারিয়ে ফেদেরার পৌঁছে গেছেন টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে। ফলে ইউএস ওপেনের জন্য নিজের প্রস্তুতিটা ভালভাবেই শুরু করলেন এই সুইস সুপারস্টার। বাছাই খেলোয়াড় হিসাবে প্রথম রাউন্ডে বাই পেয়েছিলেন তিনি।
দুই ঘন্টার লড়াইয়ে পসপিলকে পরাজিত করে ম্যাচ শেষে ফেদেরার জানিয়েছেন উচ্ছ্বসিত প্রতিক্রিয়াই। পাশাপাশি উচ্ছ্বাস দেখিয়েছেন ৩০০তম জয়ের মাইলফলক স্পর্শের ব্যাপারেও। কোর্টের বাইরে দারুণ বিনয়ী এই ৩৩ বছর বয়সী তারকা বলেন, ‘দারুণ একটা সংখ্যা এটা। যদিও এর চেয়ে বড় কিছু মাইলফলক আমি স্পর্শ করেছি। তবে এটা বলতেই হবে, আজকের এই ঘটনায় আমি যারপরনাই খুশি।’
নিজের এই খুশির কারণ ব্যক্ত করতে গিয়ে রেকর্ড ১৭ টি গ্র্যান্ড স্ল্যামের মালিক বলেন, ‘আমি আসলে তাদের একজন যাদের কিনা শুরুর দিকে এটিপি টুর্নামেন্টগুলোতে জিততে সমস্যা হচ্ছিল। তাই আমি ভালভাবেই জানি এতগুলো ম্যাচে জিততে পারাটা কতটা কঠিন। কারণ, এই জয়গুলো এসেছে তাদের বিরুদ্ধে যারা ১০ কিংবা ২০ না হলেও (র্যাঙ্কিংয়ের) সেরা পঞ্চাশ জন খেলোয়াড়ের একজন। সেদিক থেকে দেখলে আমি দারুণ আনন্দিত ৩০০ তে পৌঁছাতে পেরে।’
টুর্নামেন্টে নিজের প্রথম সেটেই টাইব্রেকারে যেতে হলেও সেখানে জয় পান ফেদেরারই। এরপর দ্বিতীয় সেটে জিতে সমতায় ফেরেন পসপিল। তবে, শেষ সেটে দুর্দান্ত খেলা উপহার দিয়ে তৃতীয় রাউন্ডে পা রাখেন ফেদেরার। জিততে বাড়তি ঘাম ঝরাতে হলেও শেষ পর্যন্ত জয়টাকেই বড় করে দেখছেন ফেদেরার। মাত্র গত সপ্তাহেই টরেন্টোতে রজার্স কাপের ফাইনাল খেলা ফেদেরার বলেন, ‘এই পরিবর্তনের (একটি টুর্নামেন্টের পরেই আরেকটি খেলা) সাথে মানিয়ে নেয়াটা সব সময়ই কঠিন। কারণ, আপনার হাতে যথেষ্ট সময় থাকবে না। তাই প্রথম ম্যাচে বেশী কিছু আশা না করাটাই যুক্তিযুক্ত। সুতরাং কঠিন পরিবেশে প্রথম ম্যাচে কেবল জয়টাই গুরুত্বপূর্ণ।’ ফেদেরারের কথার প্রমাণও মিলেছে গতকালই। শীর্ষ নয় বাছাইয়ের তিনজনই ছিটকে পড়েছেন প্রথম ম্যাচেই। রজার্স কাপের সেমিফাইনালিস্ট গ্রিগর দিমিত্রভকে পোল্যান্ডের জার্জি জ্যানোভিকজ। আমেরিকার স্টিভ জনসন হারিয়েছেন নবম বাছাই আর্নেস্ট গালবিসকে। অন্যদিকে, তাইওয়ানের অবাছাই লু ইয়েন সান হতবাক করে দিয়েছেন চতুর্থ বাছাই টমাস বার্ডিচকে।
তবে জয় পেয়েছেন মিলোস রায়োনিক, অ্যান্ডি মারে এবং ডেভিড ফেরার। মহিলা এককের শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামসও পেয়েছেন সহজ জয়। -এএফপি
