সুয়ারেজের নিষেধাজ্ঞা বহাল

আপডেট : ১৪ আগস্ট ২০১৪, ২১:০০
লুইস সুয়ারেজের ওপর ফিফার আরোপ করা নিষেধাজ্ঞা বহাল রেখেছেন সুইজারল্যান্ডের খেলাধুলা বিষয়ক আদালত কোর্ট অব আর্বিট্রেশন ফর স্পোর্টস (সিএএস)। তবে নতুন ক্লাব বার্সেলোনার হয়ে অনুশীলন করতে পারবেন এবং ম্যাচে উপস্থিত থাকার সুযোগ পাবেন এই স্ট্রাইকার। ফিফার নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুয়ারেজের আইনজীবীদের আপিলের প্রেক্ষিতে এ রায় দিয়েছে সিএএস। যদিও কোনো ব্যাখ্যা গতকাল পর্যন্ত পাওয়া যায়নি। প্রসঙ্গত, বিশ্বকাপের গ্রুপ পর্বে ইতালির বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষের ডিফেন্ডার জিওর্জিও কিয়েলিনিকে কামড়ে দেয়ায় সুয়ারেজের ওপর ফুটবল সংক্রান্ত সব ধরনের কার্যক্রমে চার মাসের নিষেধাজ্ঞা আরোপ করে ফিফা; কিন্তু বরাবরই এই শাস্তিকে মাত্রাতিরিক্ত বলে আসছিলেন সুয়ারেজের আইনজীবীরা। ফিফার দেয়া এই শাস্তির বিরুদ্ধে সিএএসে আপিল করেন তারা। গত সপ্তাহে শাস্তির বিরুদ্ধে করা সুয়ারেজের আপীলের সুনানি অনুষ্ঠিত হয়। সুনানিতে আইনজীবীরা অন্তত বার্সার হয়ে সুয়ারেজের অনুশীলন করার সুযোগ দাবি করেন এবং এই নিষেধাজ্ঞা কেবল আন্তর্জাতিক ফুটবলেই সীমাবদ্ধ রাখার দাবি তুলেছিলেন।-বিবিসি স্পোর্টস