তাদের যে কোনো একজনকে চলে যেতেই হত। কাইলর নাভাসকে রিয়াল মাদ্রিদ কেনার পর নিশ্চিত হয়ে গিয়েছিল যে, ইকার ক্যাসিয়াস বা ডিয়েগো লোপেজ, যে কোনো একজনকে ছেড়ে দেবে তারা। শুরুতে ক্যাসিয়ারেই কপাল পুড়বে বলে মনে হচ্ছিল—বয়স হয়ে গেছে, ফর্ম খারাপ, গত প্রায় দুই মৌসুম ধরে লোপেজের কাছে এক নম্বর জায়গাটা হারাচ্ছেন। এমন অবস্থায় ক্যাসিয়ারেই ক্লাব ছাড়ার কথা। কিন্তু দলবদলের শুরু থেকেই রিয়াল নিশ্চিত করে দেয়, তারা বিক্রি করবে গত দুই মৌসুমের ‘এক নম্বর’ ডিয়েগো লোপেজকে। শেষ পর্যন্ত তাই হল, নাভাসের আগমনে রিয়াল ছাড়তে হল লোপেজকে।
মূল্যটা কেউ পরিষ্কার করে বলেনি। তবে রিয়াল মাদ্রিদ ও এসি মিলান নিশ্চিত করেছে যে, স্প্যানিশ ক্লাবটি ছেড়ে মিলানে পাড়ি জমিয়েছেন লোপেজ। যদিও দুইদিন আগেই লোপেজের মিলানে আসার ব্যাপারটি পাকাপাকি হয়ে গিয়েছিল।
