বর্ষণসিক্ত রাজধানীতে দুর্ভোগ

আপডেট : ১৪ আগস্ট ২০১৪, ২২:২৬
টানা বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার পাশাপাশি যানজটের সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষ। সপ্তাহের শেষ কর্মদিবস গতকাল বৃহস্পতিবার সকাল থেকে টানা বৃষ্টির কারণে এই অবস্থার সৃষ্টি হয়। টানা বর্ষণে রাজধানীর বাংলা-মোটর, ফার্মগেট, শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর, আগারগাঁও, শাহবাগ, শান্তিনগর, মৌচাক, মালিবাগ, কাকরাইল, মতিঝিল, মহাখালী, বাড্ডা, রামপুরা, বারিধারা, গুলশান, পুরান ঢাকার বকশীবাজার, চানখাঁরপুল, গুলিস্তান, শ্যামপুর, জুরাইন, পোস্তগোলা, যাত্রাবাড়ী, মুরাদপুরসহ নগরীর বিভিন্নস্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। রাজধানী জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে করে হাজার হাজার মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েন। ভোগান্তিতে পড়েন কর্মস্থলমুখী মানুষ। অনেককেই বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে দীর্ঘক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকেন। কেউ কেউ বৃষ্টিতে ভিজেই অফিসে পৌঁছেন। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সাগরে মৌসুমী বায়ুর প্রভাবে এমন বৃষ্টিপাত হচ্ছে। অনেকটা সময় ধরে বৃষ্টি হলেও তা স্বাভাবিক বলে জানায় আবহাওয়া কর্তৃপক্ষ। আবহাওয়া অফিস জানায়, আজ শুক্রবার সকাল পর্যন্ত সারাদেশে ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।