মুন্সীগঞ্জের মাওয়া ঘাট। পদ্মার পাড়ে সার বেঁধে গড়ে উঠেছে অসংখ্য খাবার হোটেল। প্রায় প্রতিটি হোটেলের সামনেই অ্যালুমিনিয়ামের বড় থালায় থরে থরে সাজানো ইলিশ মাছের মাঝারি সাইজের টুকরো। ‘আসেন পদ্মার ইলিশ ভাজা খান’ বলে চিত্কার করে ভোজনরসিকদের দৃষ্টি আকর্ষণে ব্যস্ত হোটেল কর্মচারীরা। খদ্দের চাওয়ামাত্রই গরম তেলে ভেজে দেয়া হচ্ছে ইলিশ। বিশেষ করে চলতি পথের যাত্রী ও পর্যটকরা হরহামেশাই প্রতি পিস ১শ’ থেকে দেড়শ’ টাকায় কিনে খাচ্ছেন তথাকথিত এই ‘পদ্মার ইলিশ’। ইত্তেফাকের অনুসন্ধানে জানা গেছে, এসব ইলিশ আসলে পদ্মার নয়, যাত্রাবাড়ী মাছের আড়ত থেকে কেনা। পদ্মার ইলিশ বলে ক্রেতাদের ঠকাচ্ছে মাওয়ার হোটেলগুলো। এই ইলিশ ভাজা খেয়ে দেখা গেছে, স্বাদ তো দূরের কথা ইলিশের গন্ধ পর্যন্ত পাওয়া যায় না। স্থানীয় জেলেরা জানান, এখানে (মাওয়ার পদ্মায়) কোন ইলিশ পাওয়া যায় না। হোটেলে যেগুলো বিক্রি হচ্ছে তা মূলত যাত্রাবাড়ী ও রাজধানীর অন্যান্য বাজার থেকে কেনা। দিনের পর দিন এভাবে মানুষের সঙ্গে প্রতারণা চললেও তা দেখার কেউ নেই! গত শনিবার ছবিটি তুলেছেন আলোকচিত্রী সাইফুল ইসলাম
