এসএসসি পাসের ৪০ বছর পর এইচএসসিতে উত্তীর্ণ হয়েছেন রইস উদ্দীন, বর্তমানে বয়স ৫৬ বছর। চুয়াডাঙ্গার নিভৃত পল্লী জনপদ কুলপালা গ্রামের রইস উদ্দীনের এইচএসসি পাসের খবরে এলাকার মানুষ তাকে মিষ্টিমুখ করিয়েছেন। উত্সুক মানুষ ভীড় করছেন তার বাড়িতে।
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কুলপালা গ্রামের নিম্নবিত্ত পরিবারের সন্তান রইস উদ্দীন যশোর উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ১৯৭৪ সালে এসএসসি পাস করেন। অনেক চেষ্টার পর চাকরি পাননি। নানা চেষ্টায় ব্যর্থ হয়ে শেষ অবধি বাড়ির অব্যবহূত জমিতে একটি ছাপড়া ঘর করে প্রাথমিক স্কুল চালু করেন। নিজের ঐ প্রাথমিক বিদ্যালয়ে বিনা বেতনে এ যাবত্ শিক্ষকতা করে আসছিলেন রইস উদ্দীন। গত বছর স্কুলটি জাতীয়করণ হয়। বিদ্যালয়টি জাতীয়করণ করার পর তিনি এইচএসসি পরীক্ষায় অংশ নেয়ার সিদ্ধান্ত নেন। তিনি চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে এইচএসসি প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে পরীক্ষা দেন। প্রায় ৪০ বছর অনিয়মিত হিসেবে পরীক্ষা দিয়ে জিপিএ ৪ দশমিক ৬ শূন্য পেয়ে উত্তীর্ণ হন রইস উদ্দীন।
