দুইজনের মৃত্যুদণ্ড

আপডেট : ১৪ আগস্ট ২০১৪, ২২:৩০
কুমিল্লার দেবিদ্বারে তৃতীয় শ্রেণি পড়ুয়া স্কুল ছাত্রী ফারজানা আক্তারকে ধর্ষণের পর হত্যা মামলায় দুই আসামিকে ফাঁসির দণ্ডাদেশ দিয়েছে আদালত। এছাড়া উভয় আসামিকে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়। কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক বেগম জেসমিন আরা বেগম গতকাল বৃহস্পতিবার এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হচ্ছে, জেলার দেবিদ্বার উপজেলার নারায়ণপুর গ্রামের মৃত আবদুল হাকিমের পুত্র আবদুর রশিদ ও একই গ্রামের বশির আহমেদ। আদালত সূত্রে জানা যায়, জেলার দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের নারায়ণপুর গ্রামের আবু বকর ছিদ্দিকীর মেয়ে নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ফারজানা আক্তার (৯) গত ২০১০ সালের ১৬ জুন স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে তার লাশ আসামি আবদুর রশিদের বাড়ির পাশের বাঁশঝাড়ে পাওয়া যায়। খবর পেয়ে দেবিদ্বার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফারজানার লাশ উদ্ধার করে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পেয়ে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের পিতা আবু বকর ছিদ্দিকী আবদুর রশিদ (২৭) ও বশির আহমেদকে (২৬) আসামি করে দেবিদ্বার থানায় মামলা দায়ের করলে পুলিশ তাদের গ্রেফতার করে। আসামিরা ফারজানাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার পর লাশ গুমের কথা স্বীকার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে ২০১০ সালের ১৯ আগস্ট ২ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় গতকাল বৃহস্পতিবার আসামিদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন।