পাহাড়ি ঢলে সাঁকো বিচ্ছিন্ন

আপডেট : ১৪ আগস্ট ২০১৪, ২৩:০৪
গত ক’দিনের অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। গত সোমবার থেকে অতিবর্ষণ ও উজান থেকে নেমে আসা সোমেশ্বরী, কালঘোষা, চৌমুহনী, মহারশি, মালিঝি নদীর পানিতে উপজেলার ৭টি ইউনিয়নে নিম্নাঞ্চল প্লাবিত হয়। গতকাল বৃহস্পতিবার উপজেলার হাতিবান্দা এলাকা থেকে মঙ্গলবার ডুবে যাওয়া মোজাম্মেল হক নামের একজনের মৃত দেহ উদ্ধার করা হয়। সোমেশ্বরী নদীর দুপুরিয়া ভাঙ্গা ব্রিজের দু’পাশে বাঁশের সাঁকো বিধ্বস্ত হয়ে গত ৩ দিন যাবত্ শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার মধ্যে অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে বিভিন্ন গ্রামের হাজার হাজার মানুষ।