লক্ষ্মীপুর সদর উপজেলায় ডিবি পুলিশ ও সন্ত্রাসী কফিল বাহিনীর সাথে ঘন্টাব্যাপী বন্দুকযুদ্ধের ঘটনায় ৬ পুলিশসহ ৮ জন আহত হয়েছে।
গত বুধবার গভীর রাতে উপজেলার পূর্ব মান্দারীর ভাই ভাই ইটভাটা এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় আহত অবস্থায় বাহিনীর প্রধান কফিল ও তার সহযোগী সুজনকে আটক করে ডিবি পুলিশ। তাদের কাছ থেকে একটি এলজি ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আহতরা হলেন, ডিবি পুলিশের কনস্টেবল আবু সুফিয়ান, মাইন উদ্দিন, মোস্তাফিজুর রহমান, নাজমুল হুদা, আবুল হোসেন ও তুহিন। আহত পুলিশ সদস্য ও আটককৃত দুই সন্ত্রাসীকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে। আটককৃত বাহিনী প্রধান কফিল পূর্ব মান্দারী গ্রামের সিরাজ মেম্বারের ছেলে ও সদর উপজেলা (পূর্ব) যুবলীগের যুগ্ম আহবায়ক এবং সুজন একই এলাকার মো. নূর নবীর ছেলে।
ডিবির ওসি মো. কবির হোসেন জানান, পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী কফিল বাহিনীর বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর থানায় হত্যা, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।
