কঠোর অবস্থানে বসুন্ধরা কিংস

আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ২১:১৭

ফেডারেশন কাপ ফুটবল ফাইনালে মারামারির ঘটনায় লালকার্ড পাওয়া ফুটবলারদের যেভাবে শাস্তি দেওয়া হয়েছে তা নিয়ে বসুন্ধরা কিংসের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। বাফুফের ডিসিপ্লিনারি কমিটির লালকার্ড পাওয়া চার ফুটবলারকে অধিকতর শাস্তি দিয়েছে। বসুন্ধরা কিংসের সুশান্ত ত্রিপুরাকে ৮ ম্যাচ, তৌহিদুল আলম সবুজকে ৬ ম্যাচ, আবাহনীর মামুন মিয়াকে ৬ ম্যাচ, নাবীব নেওয়াজ জীবনকে ২ ম্যাচ বহিষ্কার করাসহ আর্থিক জরিমানা করা হয়েছে। বসুন্ধরা কিংস খেলোয়াড়ের শাস্তির পক্ষে। তবে তারা দেখছে এখানে শাস্তি প্রয়োগের বিষয়টা সমান চোখে দেখা হয়নি। বিশেষ করে সুশান্ত ত্রিপুরার ৮ ম্যাচ বহিষ্কারের বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করে ক্লাবটি।

৮ ম্যাচ শাস্তি হলে স্বাধীনতা কাপ ফুটবল তো দূরের কথা প্রিমিয়ার লিগে আবাহনীর বিপক্ষেও খেলতে পারবেন না সুশান্ত ত্রিপুরা। বসুন্ধরা মনে করছে এখানে শাস্তি দেওয়ার বিষয়টি সমানভাবে দেখা হয়নি। বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বলেন, ‘মাঠে যেটা হয়েছে সেটা কোনোভাবেই কাম্য নয়। যদি সুশান্ত ত্রিপুরার ৮ ম্যাচ শাস্তি হয় তাহলে মামুন মিয়ার ১ বছর শাস্তি হওয়া উচিত। আবাহনীর জীবন এবং আমাদের সুশান্ত ত্রিপুরা মাথা গরম করে মারামারি করেছে। আর মামুন মিয়া স্পটেই ছিলেন না। সে যেভাবে দৌড়ে এসে ফ্লাইং কিক করলেন তা দেশের মানুষ দেখেছেন। মামুন মিয়ার কারণে পুরো মাঠ গরম হয়ে গিয়েছে।’ এই কর্মকর্তা বললেন, ‘দেখি কি হয়। আমরা চিঠি দেব। স্বাধীনতা কাপে নাও খেলতে পারি। শনিবার সিদ্ধান্ত জানিয়ে দেব।’