পাহাড়ী ঢলে তলিয়ে গেছে ছাগলনাইয়ার নিম্নাঞ্চল

আপডেট : ১৫ আগস্ট ২০১৪, ২১:০৫
ছাগলনাইয়ায় টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলে উপজেলা কমপ্লেক্স, পুরাতন আদালত ভবন মাঠ, শহীদ মিনার, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও মুহুরীগঞ্জ সড়কসহ বহু এলাকা পানির নিচে তলিয়ে গেছে। গত মঙ্গলবার থেকে শুরু হওয়া বৃষ্টি দিন-রাত প্রায় বিরতিহীনভাবে পড়ার কারণে নিম্নাঞ্চলে প্রবল পানির চাপ সৃষ্টি হয়। পানি বৃদ্ধি পাওয়ায় ছাগলনাইয়া পৌর শহরের মটুয়া রাস্তার মাথা সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়ক, উপজেলা কমপ্লেক্সের মুক্তিযোদ্ধা অফিস, পরিসংখ্যান অফিস, মাধ্যমিক শিক্ষা অফিস, মত্স্য অধিদপ্তর, সমবায় অফিস, সমাজ সেবা অফিস, প্রাথমিক শিক্ষা অফিস, যুব উন্নয়ন অধিদপ্তর, একটি বাড়ি একটি খামার প্রকল্প, কেন্দ্রীয় সমবায় সমিতি অফিস, আনসার ভিডিপি অফিস, উপজেলা নির্বাহী অফিসারের বাস ভবনসহ পুরো আবাসিক এলাকা, থানা রাস্তার মাথা, রেজিস্ট্রি অফিস, ভূমি অফিস, কেন্দ্রীয় শহীদ মিনারসহ ১টি পৌরসভা ও ৫টি ইউনিয়নের বহু এলাকা পানির নিচে তলিয়ে গেছে। বর্ষণে বিস্তীর্ণ এলাকা তলিয়ে গিয়ে জনসাধারণের ব্যাপক ক্ষতি হয়েছে। কেন্দ্রীয় সমবায় সমিতি অফিসে পানি প্রবেশ করায় প্রয়োজনীয় জিনিসপত্র ভিজে গেছে। ছাগলনাইয়া-মুহুরীগঞ্জ সড়ক, ছাগলনাইয়া-বেতাগা সড়ক ও ছাগলনাইয়া-পানুয়া ঘাট বাজার সড়কের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।