পাবনায় পরকীয়ার জের ধরে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও তার কথিত প্রেমিকসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গত বৃহস্পতিবার বিকালে পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় দেন। সাজাপ্রাপ্তরা হলেন: চাটমোহর উপজেলার ভাদড়া গ্রামের খোরশেদ আলমের মেয়ে ও রেজাউল করিমের স্ত্রী খাদিজা খাতুন, তার কথিত প্রেমিক সাঁথিয়া উপজেলার সেলন্দা ছোনপাড়া গ্রামের মৃত লস্কর সরদারের ছেলে রুহুল আমিন ওরফে রবিউল ইসলাম ও আটঘরিয়া উপজেলার রোকনপুর গ্রামের আজিম মোল্লার ছেলে রেজাউল করিম। পাবনার চাটমোহর উপজেলার ভাদড়া গ্রামে পরকীয়া প্রেমের জের ধরে ২০১১ সালের ২৪ আগস্ট রাতে স্ত্রী খাদিজা খাতুন তার প্রেমিক রুহুল আমিন ওরফে রবিউল ইসলাম দু’জনের সহায়তায় তার স্বামী রেজাউল করিমকে (৩০) পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যার পর লাশ বাড়ির সামনে ফেলে রাখে। এ ঘটনায় নিহত রেজাউল করিমের ছোটভাই ওমর আলী বাদী হয়ে তিনজনকে আসামি করে চাটমোহর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
