অল্পের জন্য রক্ষা পেল ট্রলারের ত্রিশ যাত্রী

আপডেট : ১৫ আগস্ট ২০১৪, ২১:০৭
নিশ্চিত বিপদের হাত থেকে রক্ষা পেল বরযাত্রীবাহী ইঞ্জিনচালিত ট্রলারের ৩০ যাত্রী। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের চ্যানেলে যাত্রীবাহী লঞ্চ এমভি দৌলতের ধাক্কায় বরযাত্রীবাহী একটি ট্রলার মুহূর্তের মধ্যে ডুবে যায়। তবে মূল নদীতে প্রবেশের আগে ফেরিঘাটের খুব কাছাকাছি হওয়ায় ট্রলারের যাত্রীরা সাঁতরে তীরে উঠে আসতে সক্ষম হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, দৌলতদিয়া লঞ্চঘাট নতুন পাড়া এলাকার মো. আরশাদ আলীর ছেলে মো. সেন্টু বিয়ের বরযাত্রী আঃ রাজ্জাক মাঝির ট্রলারে বাহিরচর ৪নং ফেরিঘাট এলাকার উদ্দেশ্যে রওনা দেয়। ট্রলারটি দৌলতদিয়া ২নং ফেরিঘাটের কাছে আসলে পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা যাত্রীবাহী লঞ্চ এমভি দৌলতের সাথে ধাক্কা লাগে। এতে ট্রলারটি প্রায় ৩০জন যাত্রী নিয়ে ডুবে যায়। গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক জানান, ডুবে যাওয়া ট্রলারের সকল যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাছাড়া কোন যাত্রীই নিখোঁজ থাকার সংবাদ পাওয়া যায়নি।