চাঁপাইনবাবগঞ্জে প্রাইভেটকারসহ ফেন্সিডিল আটক
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ গতকাল শুক্রবার ভোরে একটি প্রাইভেটকারসহ ৪১৫ বোতল ফেন্সিডিল আটক করেছে বিজিবি। চাঁপাইনবাবগঞ্জস্থ ৯ বিজিবি ব্যাটালিয়নের উপ-পরিচালক মো. মোসলেহ উদ্দিন জানান, বিজিবি সোনামসজিদ বিওপি হতে সুবেদার মো. সামসুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের নরসিংহপুর ইংলিশ নামক স্থানে গমন করে। এ সময় ওই এলাকায় একটি প্রাইভেট কার রাস্তায় দাঁড়ানো অবস্থায় দেখতে পাওয়া যায়। টহল দল গাড়ীর দিকে রওয়ানা হলে গাড়ীতে থাকা চালক গাড়ী ফেলে পালিয়ে যায়। গাড়ী তল্লাশী করে ৪১৫ বোতল ফেন্সিডিল আটক করা হয়।
নাভারণ-সাতক্ষীরা সড়কে ৩ ডাকাত আটক
বেনাপোল(যশোর)সংবাদদাতা \ নাভারণ-সাতক্ষীরা হাইওয়ে সড়ক থেকে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে হাড়িখালী বটতলা থেকে বৃহস্পতিবার রাতে আটক করেছে শার্শা থানা পুলিশ। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহম্মেদ কবির জানান, বৃহস্পতিবার রাতে নাভারণ-সাতক্ষীরা সড়কে চলাচলকারী নৈশ পরিবহনে ডাকাতির সময় হাড়িখালী নামক স্থান থেকে ৩ বাস ডাকাতকে আটক করা হয়েছে। তারা হলো আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। আটক ডাকাতরা হলো- ঝিকরগাছা উপজেলার বাকড়া মুকন্দপুর গ্রামের আঃ আজিজের পুত্র রিপন (২২), একই গ্রামের আতিয়ার রহমানের পুত্র তুহিন (১৮) ও আবুল কাসেম দুখের পুত্র আলিম (২৪) ।
মেহেরপুরে বৃক্ষ মেলা সমাপ্ত
মেহেরপুর প্রতিনিধি\ মেহেরপুরে বৃক্ষ মেলা সমাপ্ত হয়েছে। বৃহস্পতিবার মেহেরপুর শহীদ ডা. সামসুজ্জোহা নগর উদ্যানে মেলা সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মাহমুদ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন ও বিএটিবি’র সিনিয়র ব্যবস্থাপক একে সাজ্জাদ আহমেদ তালুকদার। বক্তব্য রাখেন মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের প্রশিক্ষণ কর্মকর্তা শাহ মোঃ আকরামুল হক, ডা. আক্তারুজ্জামান, এনডিসি আমীনুল ইসলাম প্রমুখ।
নাগেশ্বরীতে ফেন্সিডিলসহ আটক ১
নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা \ নাগেশ্বরীতে ৭০ বোতল ফেন্সিডিলসহ ১ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার পৌর এলাকার কুটি পয়রাডাঙ্গার হাছেন আলীর ছেলে মাইদুল ইসলাম (২৫) মোটর সাইকেলে কুড়িগ্রাম যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানার এস.আই আরিফুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে নাগেশ্বরী—কুড়িগ্রাম আঞ্চলিক সড়কের ব্র্যাক মোড় থেকে তাকে আটক করে।
আদমদীঘিতে ঋণ খেলাপির দায়ে নারীসহ গ্রেফতার ২
আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা \ বগুড়া আদমদীঘি থানা পুলিশ আদালতের ওয়ারেন্টমূলে একটি এনজিওর ঋণ খেলাপির দায়ে ২ নারীসহ ৫ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে। পুলিশ জানায়, ঋণ খেলাপির দায়ে উপজেলার কাশিমালা গ্রামের মোস্তফা রহমানের স্ত্রী কোহিনূর বেগম ও একই গ্রামের আব্দুর রহমানের স্ত্রী শেফালি খাতুনকে, জিআর মামলায় কোচকুড়ি আবুল কাশেমের ছেলে সুমন, হলুদঘর গ্রামের লালু মিয়ার ছেলে মিলন ও বগুড়ার গাবতলূ জয়ভোগ আশ্রয় প্রকল্পের আব্দুল মজিদের ছেলে মিজানুর রহমান।
জগন্নাথপুরে ৬১ লাখ টাকা ব্যয়ে বিদ্যালয়ের ভবন নির্মাণ
জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা \ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ৬১ লাখ টাকা ব্যয়ে উপজেলার মীরপুর ইউনিয়নের লামা টুক বাজার উচ্চ বিদ্যালয়ে একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন ও ২০১৪ সালে এস এস সি পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। বিদ্যালয়ের সভাপতি আওয়ামী লীগ নেতা মোঃ ইলিয়াছের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সিদ্দিক আহমদ, ইউএনও হুমায়ুন কবির, ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, আওয়ামী লীগ নেতা নূরুল ইসলাম, রেজাউল করিম রিজু, আব্দুল কাইয়ুম মোশাহিদ, এডভোকেট শুকুর আলী, লন্ডন প্রবাসী হাজি আব্দুল জব্বার। বক্তব্য রাখেন শিক্ষা অফিসার সত্যব্রত রায়, লামা টুক বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুর্শেদ আলম প্রমুখ।
