চীনে যুব অলিম্পিক শুরু আজ
চীনের ন্যানজিংয়ে আজ শনিবার থেকে শুরু হচ্ছে দ্বিতীয় যুব (অনূর্ধ্ব ১৭) অলিম্পিক। বাংলাদেশসহ ২০৪টি দেশের ৩৬০০ জন প্রতিযোগী এতে ২৮টি ক্রীড়ায় অংশ নেবেন।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) আশা করছে গতকাল শুক্রবার ভোররাতে ঢাকা ছেড়ে যাওয়া দলটি শুটিং, আর্চারি ও হকিতে ভাল করবে। যদিও বাংলাদেশের যুবারা এছাড়াও সাঁতার ও ভারোত্তোলনে প্রতিদ্বন্দ্বিতা করবে। ইভেন্ট পাঁচটিতে অংশ নিতে বাংলাদেশের ১৩ জন প্রতিযোগী ইতিমধ্যেই চীনের নানজিংয়ে পৌঁছেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের পতাকা বহন করবেন হকি দলের অধিনায়ক রেজাউল করিম বাবু। ২০১০ সালে অনুষ্ঠিত প্রথম যুব অলিম্পিকে আর্চারি, শুটিং ও সাঁতারে অংশ নেয় বাংলাদেশ দল। সেবার সাঁতারে হিটে এবং শুটিংয়ে বাছাইপর্বেই বাদ পড়ে দেশের প্রতিনিধিরা। তবে আর্চারিতে সেমিফাইনালে খেলে বাংলাদেশের ইমদাদুল হক মিলন। তিনি দলগতভাবে চতুর্থ ও ব্যক্তিগতভাবে সপ্তম হয়ে টুর্নামেন্টের সেরা আর্চারের খেতাব লাভ করেন।
বাংলাদেশ হকি দল যুব অলিম্পিকের পুল ‘এ’তে অংশ নেবে। ফাইভ-এ সাইডভিত্তিক এ প্রতিযোগিতায় বাংলাদেশ দলে আছেন রেজাউল করিম বাবু, মোহাম্মদ রাজু আহমেদ, মোহাম্মদ ফজলে হোসেন রাব্বি, সজীবুর রহমান, খালিদ মাহামুদ রাকিন, মো. নাঈম উদ্দিন, মো. দ্বীন ইসলাম, মোহাম্মদ আশরাফুল ইসলাম ও মোহাম্মদ রোমান সরকার।
আগামীকাল রবিবার নিজেদের প্রথম খেলায় স্পেনের মুখোমুখি হবে বাংলাদেশ হকি দল। শুটিংয়ের ছয়টি ইভেন্টে ৮০ জন প্রতিযোগী অংশ নেবে। বাংলাদেশর শুটার শারমিন আক্তার ১০ মিটার এয়ার রাইফেলে অংশ নিবেন।
সুইমিংয়ের ৫০ মিটার ফ্রি স্টাইল বিভাগে সাঁতরাবেন বাংলাদেশের আসিফ রেজা। ভারোত্তোলনে বাংলাদেশের জহুরা আক্তার রেশমা ৪৮ কেজি ওজন শ্রেণীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আর্চারিতে বাংলাদেশের পেন্নয় মূরং রিকার্ভো এককে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
