গ্রানাডায় বাংলাদেশ দল

আপডেট : ১৫ আগস্ট ২০১৪, ২১:৫৪
আগামীকাল প্রস্তুতি ম্যাচ আধুনিক যোগাযোগ সবকিছুই হাতের মুঠোয় এনে দিয়েছে। পৃথিবীর বিপরীত প্রান্তে গ্রানাডায় পৌঁছাতে এই যুগেও যখন দুই দিন লেগে যায়, খবর পেতে একটা মুহূর্তও অপেক্ষা করতে হয় না। ‘ডিজিটাল’ এই যুগে সব মাধ্যমকে ছাপিয়ে ফেসবুকের ছবি আর স্টাটাস মুহূর্তের মধ্যে জানিয়ে দেয়—লম্বা সফর করে নিরাপদে গ্রানাডায় পৌঁছে গেছে বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজে মাসাধিক কালের সফরে গতকালই গ্রানাডায় পৌঁছানো বাংলাদেশের প্রায় সব খেলোয়াড়-কর্মকর্তাই জানিয়ে দিয়েছেন, তারা নিরাপদে পৌঁছেছেন, ভালো আছে। হোটেলে হাসিখুশী ছবি দেখে অনুমানও করে নেয়া যায়, ভ্রমণের ক্লান্তিকে পেছনে ফেলতে পেরেছেন তারা। দিনের শেষ দিকে অনুশীলনের সূচি থাকলেও সমুদ্রের পাড়ে হোটেলে থাকা ক্রিকেটাররা প্রথম দিন বিশ্রাম নিয়েই কাটাচ্ছেন বলে জানা গেছে। সময় কাটানোর জন্য অবশ্য এর চেয়ে আদর্শ স্থান পৃথিবীতে খুব কমই আছে। এখন ফুরফুরে মেজাজে থাকা ক্রিকেটারদের অবশ্য আগামীকালই প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নেমে যেতে হবে। এরপর ২০, ২২ ও ২৫ আগস্ট তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এরপর একটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে মুশফিকুর রহিমের দল।