লড়াই এবার রোনালদো, ন্যয়ার ও রোবেনের

আপডেট : ১৫ আগস্ট ২০১৪, ২১:৫৭
ইউরোপ সেরা ফুটবলার লিওনেল মেসিকে বাদ দিয়ে ইউরোপের বর্ষসেরার লড়াই এবার সীমাবদ্ধ হলো ক্রিশ্চিয়ানো রোনালদো, ম্যানুয়েল ন্যয়ার ও আরিয়েন রোবেনের মধ্যে। ইউরোপীয় ফুটবলের নিয়ামক সংস্থা উয়েফা জুলাই মাসে ২০১৩-১৪ মৌসুমের ইউরোপের বর্ষ সেরা ফুটবলার বেছে নেয়ার জন্য প্রাথমিকভাবে ১০ জনের তালিকা করেছিল। তখন এতে মেসি ছাড়াও ছিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া, দিয়েগো কস্তা, লুই সুয়ারেজ, হামেস রড্রিগেজ, ফিলিপ লাম ও টমার ম্যুলার। উয়েফার সদস্য দেশগুলোর সাংবাদিকদের একটি প্যানেল সেরা খেলোয়াড়টিকে বেছে নেবে।২৮ আগস্ট চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বের ড্র অনুষ্ঠানে বিজয়ী খেলোয়াড়টির নাম ঘোষণা করা হবে। ইউরোপের নামকরা ফুটবলারদের মধ্যে জ্লাটান ইব্রাহিমোভিচ, গ্যারেথ বেল ও নেইমারের নাম প্রাথমিক তালিকাতেই ছিল না। অপরদিকে মেসি আর্জেন্টিনাকে বিশ্বকাপ ফাইনালে তোলার পর বিশ্বকাপের গোল্ডেন বল জিতলেও গেল মৌসুমটি ভাল কাটেনি। রোনালদো বিশ্বকাপে সুবিধা করতে না পারলেও রিয়াল মাদ্রিদের হয়ে গেল মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে রেকর্ড ১৭ গোল করেছিলেন। ন্যয়ার ব্রাজিল বিশ্বকাপে জার্মানির চতুর্থ বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। চারটি খেলায় দলের জাল অক্ষত রাখেন তিনি। রোবেন ছিলেন নেদারল্যান্ডকে বিশ্বকাপের সেমিফাইনালে তোলার অন্যতম কান্ডারি। এছাড়াও নিজে তিন গোল করেন তিনি। এর মধ্যে দুটি ছিল তখনকার বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের বিরুদ্ধে। তার দুর্দান্তপনায় বায়ার্ন মিউনিখও ভাল মৌসুম কাটায়। তাতে রোবেনের ক্লাবটির হয়ে ২১ গোল ছিল। মার্কা ডটকম