জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শুক্রবার সারাদেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিত্সা সেবা দেয়া হয়েছে। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতেই ১৫ আগস্ট সকল সরকারি হাসপাতালে আউট ডোর খোলা রাখা হয় এবং ২ ঘন্টা সকল রোগীকে বিনামূল্যে চিকিত্সা সেবা দেয়া হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের নির্দেশে এবারই প্রথম এ সেবা প্রদান চালু হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ চিকিত্সকবৃন্দ (অধ্যাপক ও সহযোগী অধ্যাপকগণ) গতকাল সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বহির্বিভাগে ২ হাজার ৫২৫ রোগীকে বিনামূল্যে চিকিত্সা সেবা প্রদান করেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বেলা ১১টার দিকে এই মহত্ কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি রোগীদের খোঁজ-খবর নেন এবং কুশলাদি বিনিময় করেন। সকাল সাড়ে ৮টায় বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিত্সাসেবা কার্যক্রম উদ্বোধন করেন অত্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে।
