গোপালগঞ্জ জেলা পরিষদ প্রশাসক কাজী আব্দুর রশীদের ইন্তেকাল

আপডেট : ১৫ আগস্ট ২০১৪, ২২:২১
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনের সাবেক সংসদ সদস্য, গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মুকসুদপুরের মনিরকান্দি গ্রামের কৃতী সন্তান, মুক্তিযুদ্ধের সংগঠক ও অ্যাডভোকেট কাজী আব্দুর রশিদ (৮২) বার্ধক্যজনিত কারণে গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঢাকায় কল্যাণপুরে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ৩ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ রাজনৈতিক সহকর্মী ও গুণাগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম,জাতীয় পার্টির (জেপি) মহাসচিব ও সাবেক শিক্ষা মন্ত্রী শেখ শহীদুল ইসলাম, সংসদ সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে রাজিয়া কাজল, জেলা আওয়ামী লীগের সভাপতি রাজা মিয়া বাটু, সাধারণ সম্পাদক চৌধুরী এমদাদুল হক, উপজেলা চেয়ারম্যান শেখ লুত্ফার রহমান বাচ্চু প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন। মুকসুদপুর সদর ঈদগাহ প্রাঙ্গণে গতকাল শুক্রবার মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বিকালে গোপালগঞ্জ কোর্ট মসজিদে দ্বিতীয় জানাজা শেষে সর্বস্তরের মানুষ তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সন্ধ্যায় গোপালগঞ্জ শহরের মারকাজ মহল্লার কবরস্থানে তাকে সমাহিত করা হয়।