ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেলতলি নামকস্থানে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ ৪ জন নিহত হয়েছে।
জানা গেছে, শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে মহাসড়কের বেলতলিতে এনা পরিবহনের একটি বাস ও যাত্রীবাহী সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়। সিএনজিটি বাসের ভিতর ঢুকে পড়ে। এতে ৪ জন নিহত হয়। আহত হয়েছে কমপক্ষে ১০ জন। গুরুতর আহত ৩ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে যেয়ে ক্রেন দিয়ে বাসের ভিতর ঢুকে পড়া সিএনজিসহ ২ জনের লাশ উদ্ধার করে। হাসপাতালে আনার পথে ২ জন মারা যায়। নিহতরা হচ্ছেন শহরের মাসকান্দার সিএনজি চালক আরিফ। সিএনজির যাত্রীরা হলেন শহরের নাহা রোডের সাঈদ হাসান ও চরপাড়ার আতিকুল। ১ জনের পরিচয় পাওয়া যায়নি।
মাগুরার মহম্মদপুরে গৃহবধূর মৃত্যু
মাগুরা প্রতিনিধি: মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামে নছিমনের চাকায় পিষ্ট হয়ে জাহানারা খাতুন নামের এক গৃহবধূ আজ দুপুরে মারা গেছে। মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান জানান, চরনারানদিয়া গ্রামের মশারফ মৃধার স্ত্রী জাহানারা তিন সন্তানের জননী। নছিমনে চড়ে বাবার বাড়ী থেকে স্বামীর বাড়িতে যাবার পথে নছিমনের চাকায় তার শাড়ী হঠাত্ জড়িয়ে গেলে সে নছিমনের উপর থেকে নীচে পড়ে যায় এবং নছিমনের চাকায় পিষ্ট হয়ে মারা যায়। এ ব্যাপারে মহম্মদপুর থানায় মামলা হয়েছে।
ঢাকা-আরিচা মহাসড়কে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংবাদদাতা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেইট সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে এক মহিলা যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। তার পরিচয় পাওয়া যায়নি। এসময় ১০ আহত যাত্রীকে উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার বেলা আড়াইটার দিকে গাবতলী থেকে ছেড়ে আসা আরিচামুখী পারভেজ সুমাইয়া পরিবহনের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দ্রুত গতিতে আসায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এতে মহিলা গাড়ির নিচে পড়ে মারা যান। নিহত ব্যক্তির পরিচয় না পাওয়ায় তাকে আশুলিয়া থানায় রাখা হয় এবং আহতদের সাভার গণস্বাস্থ্যকেন্দ্র ও সাভারের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, গাড়ির চালক পালিয়ে যাওয়ায় আমরা এখনো গাড়ির মালিক চিহ্নিত করতে পারিনি।
