বঙ্গবন্ধু ঘুমন্ত জাতিকে জাগ্রত করেছেন

আপডেট : ১৫ আগস্ট ২০১৪, ২২:৪০
জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান এবং পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেন, বঙ্গবন্ধু ঘুমন্ত জাতিকে জাগ্রত করেছেন। তাঁর জীবন ছিল কঠিন সংগ্রাম ও বিদ্রোহের মধ্য দিয়ে প্রবাহিত। ধাপে ধাপে তিনি বাঙ্গালির স্বাধিকার ও বাংলাদেশের স্বাধীনতার আন্দোলন গড়ে তোলেন। যা ছিল দুরূহ কাজ। গতকাল শুক্রবার রাতে ভাণ্ডারিয়া জেপি আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি আরও বলেন, বঙ্গবন্ধু সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন শুরু করেন। আন্দোলনকে তিনি এমন রূপ দান করেন যার মধ্যদিয়ে দেশের স্বাধীনতা অনিবার্য হয়ে উঠে। তিনি নেতা-কর্মীদের খুবই বিশ্বাস করতেন, ভালোবাসতেন। যে কারণে তিনি জাতির পিতা। ১৫ আগস্টের পর দেশে বঙ্গবন্ধুর নাম পর্যন্ত উচ্চারণ করা যেত না। বিশ্বাসঘাতকরা তাঁকে হত্যা করলেও তাঁর আদর্শ চির জাগরুক থাকবে। তিনি বার বার আমাদের মাঝে ফিরে আসবেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে অর্জিত দেশের স্বাধীনতার সুফল অবশ্যই পাওয়া যাবে। জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯ তম শাহাদাতবার্ষিকীতে ভাণ্ডারিয়া উপজেলা জাতীয় পার্টি (জেপি) ও অঙ্গ সংগঠনসমূহের উদ্যোগে গতকাল শুক্রবার রাতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্থানীয় জেপি কার্যালয়ে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান এবং পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। দোয়া মাহফিলে ৭৫’র ১৫ আগস্ট শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু ও তার পরিবারবর্গ, আত্মীয়-স্বজনসহ সকলের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। দোয়ায় অন্যান্যের মধ্যে শরিক হন জেপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হোসেন রেনু, যুগ্ম মহাসচিব ও ভাণ্ডারিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল হক মনি জোমাদ্দার, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খলিলুর রহমান খলিল, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জ্বল, আওয়ামী লীগের কেন্দ্র নেতা ভাণ্ডারিয়ার সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরোয়ার জোমাদ্দার, কেন্দ্রীয় নেতা ও ভাণ্ডারিয়া উপজেলা জেপি’র সদস্য সচিব, ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, ইকড়ি ইউপি চেয়ারম্যান তানভির হোসেন বাবু, জেপি নেতা শফিকুল কবির খোকন সিকদার, আবুল কালাম পোদ্দার, কামাল উদ্দীন জোমাদ্দার, এনামুল ইসলাম মিন্টু, টুঙ্গীপাড়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশীদ তারিক, যুব সংহতির নেতা শহিদুজ্জামান রাজু মল্লিক, হুমায়ুন কবির বাদল সিকদার, শওকত ইকবাল মিটুল মল্লিক, উপজেলা ছাত্র সমাজের সভাপতি আমিনুল ইসলাম শিমুল আকন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন রাহাত জোমাদ্দার প্রমুখ।