নারায়ণগঞ্জে বহুল আলোচিত ৭ খুন মামলার প্রধান আসামি নূর হোসেন ও তার ২ সহযোগীকে আজ শনিবার চতুর্থবারের মত পশ্চিমবঙ্গের বারাসাত আদালতে হাজির করা হচ্ছে। এর আগে ৩ দফায় আদালতে হাজিরার সময় নূর হোসেন ও তার সহযোগী শামীমের পক্ষে কেউ জামিনের আবেদন করেননি। তবে নূর হোসেনের অপর সহযোগী খান সুমনের পক্ষে জামিন আবেদন করলেও আদালত ২ দফায় তা খারিজ করে দেয়।
এদিকে মামলার তদন্ত সংস্থা নারায়ণগঞ্জ জেলা পুলিশের একটি সূত্র জানিয়েছে, নূর হোসেনকে দেশে ফেরত আনার ব্যাপারে তারা খুবই আশাবাদী। সর্বশেষ নূর হোসেনের বাবার নাম নিয়ে জটিলতা ছিল। তা সংশোধন করে প্রয়োজনীয় তথ্য সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ১৪ জুন রাতে কলকাতার কৈখালী এলাকার একটি ফ্ল্যাট থেকে গ্রেফতার হন নূর হোসেন ও তার ২ সহযোগী খান সুমন এবং ওয়াদুজ্জামান শামীম। তাদের বিরুদ্ধে ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ফরেনার্স আইনে মামলা হয়। বর্তমানে তাদের দমদম কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে। সর্বশেষ তাদের গত ২ আগস্ট আদালতে হাজির করা হয়েছিল।
