চট্টগ্রামে জাতীয় শোক দিবস পালন

আপডেট : ১৫ আগস্ট ২০১৪, ২২:৪১
দিনভর ব্যাপক কর্মসূচি ও অনুষ্ঠানমালার মধ্য দিয়ে গতকাল শুক্রবার চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদাত্ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। চট্টগ্রামের রাজনীতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতার প্রতি তাদের গভীর শ্রদ্ধা নিবেদন করেন। চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোর উদ্যোগে গতকাল ভোরে নিজ নিজ দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন করা হয়। এরপর সকাল ৯টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সর্বস্তরের নেতা-কর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। বাদ জুমা সংগঠনগুলোর উদ্যোগে বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। নগরীর আগ্রাবাদ এলাকায় সংসদ সদস্য এমএ লতিফের উদ্যোগে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল, আলোচনা সভা ও মেজবানের আয়োজন করা হয়। এদিকে গতকাল সকালে শিল্পকলা একাডেমিতে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, ডিআইজি নওশের আলী খান, সিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম, পুলিশ সুপার একেএম হাফিজ, চট্টগ্রামের প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে জাতীয় শোক দিবসের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। সকালে লালদীঘির পাড়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে বঙ্গবন্ধুর স্মৃতিকে নিবেদন করে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন ও চট্টগ্রাম প্রেসক্লাবের যৌথ উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের নেয়া ৩ দিনব্যাপী কর্মসূচির শেষ দিনে গতকাল কোরআনখানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন সিটি বিশ্ববিদ্যালয় কলেজ মসজিদের পেশ ইমাম মাওলানা আবু সাঈদ নূরী। মিলাদ মাহফিলে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এমএ সালাম, সহ-সভাপতি অধ্যাপক মো. মঈনুদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ গতকাল ‘চেতনায়-বঙ্গবুন্ধ’ শীর্ষক আলোচনা সভা চট্টগ্রাম প্রেসক্লাবে ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে মুক্তিযোদ্ধা প্রকৌশলী আবু বাছেতের সভাপতিত্বে ও প্রকৌশলী বিজয় চক্রবর্ত্তীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সমাজ বিজ্ঞানী ড. অনুপম সেন। বক্তব্য রাখেন—পেশাজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রামের সভাপতি ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ প্রমুখ। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদাত্ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার উদ্যোগে ১০ দিনের কর্মসূচির ৪র্থ দিনে গতকাল সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও কালো ব্যাজ ধারণ করে। এরপর সকাল ১১টায় কদম মোবারক এতিমখানায় দোয়া ও মিলাদ মাহফিল, এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সভাপতি অনুপ বিশ্বাস।