বঙ্গবন্ধুর খুনিদের ফেরত প্রশ্নে যুক্তরাষ্ট্র ও কানাডা দ্বৈত নীতি নিয়েছে

আপডেট : ১৫ আগস্ট ২০১৪, ২২:৪২
স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, আমেরিকা, কানাডা বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে দেয়ার ব্যাপারে দ্বৈত নীতি গ্রহণ করেছে। তাদের দেশের জন্য এক নীতি আর অন্যদেশের বেলায় ভিন্ন নীতি। তাদের দেশে প্রতি মাসেই মৃত্যুদণ্ড কার্যকর হচ্ছে। যুক্তরাষ্ট্রে কয়েকদিন আগে একটি মৃত্যুদণ্ড কার্যকর করতে আড়াই ঘণ্টা সময় লেগেছে। কিন্তু আমাদের দেশের বেলায় মানবতা, গণতন্ত্র ও আইনের শাসনের কথা বলে তারা হস্তক্ষেপ করছে। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের তারা আশ্রয়-প্রশ্রয় দিয়েছে। তাদের ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রক্রিয়া অব্যাহত রয়েছে। বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনতে সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে। তাদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা হবে। সৈয়দ আশরাফ আরো বলেন, শিল্প, বাণিজ্য, অর্থনীতিসহ সবক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলবো। গতকাল শুক্রবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে জাতীয় শোক দিবসের শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।