জাতীয় হূদরোগ ইনস্টিটিউটে দ্রুত ৫টি ক্যাথল্যাব বসানোর নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। গত বুধবার দৈনিক ইত্তেফাকে ‘হূদরোগ ইনস্টিটিউটের ৩ ক্যাথল্যাব পরিত্যক্ত’ শীর্ষক সংবাদ প্রকাশের প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী এই নির্দেশ দেন। এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হক বলেন, স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনার পর কেন্দ্রীয় ওষুধাগারকে জরুরি ভিত্তিতে জাতীয় হূদরোগ ইনস্টিটিউটে ৫টি ক্যাথল্যাব বসানোর বিষয়ে নির্দেশ দেয়া হয়েছে। জরুরি ভিত্তিতে ৫টি ক্যাথল্যাব বসানোর কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে বলে তিনি জানান।
প্রসঙ্গত, জাতীয় হূদরোগ ইনস্টিটিউটে ৫টি ক্যাথল্যাব থাকলেও এর মধ্যে ৩টিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়। বাকি দুটি দিয়ে কোনো রকমে হাসপাতাল কর্তৃপক্ষ কাজ চালাতেন। এতে সব রোগীদের এনজিওগ্রামসহ অন্যান্য পরীক্ষা করা সম্ভব হতো না। চরম দুর্ভোগের শিকার হতেন রোগীরা। সময়মতো এনজিওগ্রাম করতে না পেরে অনেক রোগীর জটিলতা বেড়ে যায়। তাদের অপারেশনেও বিলম্ব হচ্ছিল।
