প্রেমিকাকে আটকে রেখে প্রেমিক পাশের জেলায় বিয়ে করতে গিয়েছিলো। তবে ঘটনা ফাঁস হওয়ায় প্রতারণার অভিযোগ এনে কনে বাড়ির লোকজন বিয়ে বন্ধ করে বরসহ বরযাত্রীদের আটকে রেখেছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনাটি ঘটে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায়। গতকাল শুক্রবারও দিনভর তারা আটকাবস্থায় ছিলেন।
এলাকাবাসী জানান, নীলফামারীর ডোমার শহরের তৈরি পোশাক ব্যবসায়ী রাসেল গার্মেন্টসের মালিক ও উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের বাবলু ইসলামের পুত্র জুয়েল ইসলামের (২৭) সাথে একই উপজেলার কাজীপাড়া গ্রামের কামরুল ইসলামের মেয়ে বিউটি আক্তারের দুই বছর থেকে প্রেমের সর্ম্পক। মেয়েটি এবার এইচএসসি পাস করেছে। এ অবস্থায় প্রেমিকা বিউটিকে ফাঁকি দিয়ে বৃহস্পতিবার রাত আটটার দিকে প্রেমিক জুয়েল বরযাত্রী নিয়ে বিয়ে করতে যাচ্ছিলেন পাশের জেলা পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সোনাহার মাঝাপাড়া গ্রামে। খবর পেয়ে বিউটি ছুটে এসে জুয়েলকে যেতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে জুয়েল তার লোকজন দিয়ে বিউটিকে তার বাড়িতে আটকে রেখে বরযাত্রী নিয়ে দেবীগঞ্জ চলে যান। তবে সেখানে ঘটনাটি ফাঁস হয়ে গেলে মেয়েপক্ষ বিগড়ে যায়। তারা বিয়ে বন্ধ রেখে বরসহ বরযাত্রীদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে তাদের আটকে রাখে।
শুক্রবার সন্ধ্যা পর্যন্ত বিষয়টির মীমাংসা হয়নি। দুই এলাকার বাড়িতেই শত শত মানুষ ভিড় করছেন। বিষয়টি সমাধানে প্রভাবশালীরা চেষ্টা চালাচ্ছেন বলে জানা গেছে।
