দিনাজপুরে দরিদ্রদের কর্মসংস্থান প্রকল্পে অনিয়মের অভিযোগ

আপডেট : ১৫ আগস্ট ২০১৪, ২২:৪৪
দিনাজপুরের ১৩টি উপজেলার ১০২ ইউনিয়নে অতি দরিদ্রদের কর্মসংস্থানের লক্ষ্যে ১১ কোটি ৪৮ লাখ টাকার ৪২৮টি প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তবে এসব প্রকল্প বাস্তবায়নের সময় কাগজে কলমে বেশি সংখ্যক শ্রমিক দেখিয়ে তাদের নামে বরাদ্দকৃত টাকা ভাগ বাটোয়ারা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। দিনাজপুর জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর সূত্রে জানা গেছে, জেলার ১৩টি উপজেলার ১০২টি ইউনিয়নে অতি দরিদ্রদের কর্মসংস্থান প্রকল্পের আওতায় ৪২৮টি প্রকল্প নেয়া হয়। এসব প্রকল্পে ১৪ হাজার ১২২ জন শ্রমিকের জন্য বরাদ্দ রাখা হয় ১১ কোটি ২৯ লাখ ৭৬ হাজার টাকা। আর প্রকল্পের সর্দারদের জন্য বরাদ্দ রাখা হয় ১৮ লাখ ১৮ হাজার টাকা। ১৯ এপ্রিল থেকে এসব প্রকল্পের কাজ শুরু হয়েছে। অভিযোগে বলা হয়েছে, চিরিরবন্দর উপজেলার ১২টি ইউনিয়নে ১৩৮৩ জন শ্রমিকের তালিকা কাগজে কলমে সংরক্ষণ করা হলেও মাঠে কাজ করছে অর্ধেক সংখ্যক শ্রমিক। প্রকল্প এলাকায় সাইনবোর্ড ঝুলিয়ে শ্রমিকের সংখ্যা, বরাদ্দকৃত অর্থের পরিমাণ ও সভাপতির নাম প্রকাশ্যে ঝুলিয়ে রাখার বিধান থাকলেও কেউই তা মানছে না। হত দরিদ্রদের বাদ দিয়ে কয়েকটি ইউনিয়নে দলীয় কর্মী ও অবস্থাপন্নদের শ্রমিক হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। অন্যান্য উপজেলা থেকেও একই ধরনের অভিযোগ পাওয়া গেছে।