গল্প নয় সত্যি

ফুটবল মাঠে গরু!

আপডেট : ১৬ আগস্ট ২০১৪, ১৮:৪৯
একেবারে সমান করে কাটা সবুজ ঘাসের অত বড় একটা মাঠ দেখে গুরুদের যদি একটু আধটু লোভ না হয় তাহলে আর কার হবে। আর তাই কস্মিনকালেও যেটা কখনো হয়নি সেটাই এবার হলো ল্যাটিন আমেরিকার দেশ পেরুর এক ফুটবল ম্যাচে। সাধারণত স্টেডিয়ামের চারপাশই ঘেরা থাকে বলে মাঠে কুকুর, বিড়াল বা খরগোশের মতো ছোটখাটো প্রাণী কচিত্ কদাচ ঢোকার সুযোগ হলেও গরুদের সে সৌভাগ্য হয় না। তবে পেরুভিয়ান কাপের এক ম্যাচে ক্ষণিকের জন্য তেমনই একটা সুযোগ পেয়ে গিয়েছিল একপাল গরু। মাঠে তখন স্থানীয় দুই ক্লাব মিনসা ও এক্সপ্রেসো ইনামবারির খেলা চলছিল। আর এরই মাঝে একেবারে খোলা মাঠের একদিক দিয়ে সেখানে ঢুকে পড়ে স্টেডিয়ামের পাশেই চড়ে বেড়ানো গরুর একটি পাল। এমনিতেই খুব বড় কোনো ম্যাচ না হওয়ায় মাঠে অতটা নিরাপত্তা ছিল না। সীমানা-প্রাচীর বিহীন মাঠের ঘাসগুলোও ছিল গরুদের জন্য লোভনীয় রকমের বড়। তার ওপর একটি গরুর পরিবর্তে গরুর একটি পাল ঢুকে পড়ায় মাঠে উপস্থিত দর্শকরাও চট করে সেগুলো তাড়াতে পারছিলেন না। প্রথম অবস্থায় কিংকর্তব্যবিমূঢ় খেলোয়াড়রা ফুটবল খেলা থামিয়ে রেফারির সহায়তায় গরুগুলোকে তাড়ানোর চেষ্টা করলেও তাতে বিশেষ ফল মেলেনি। বরং গরুর পাল সামান্য কিছুটা ঘাস খেয়ে নিজেরাই বিনয়ের পরিচয় দিয়ে এবং পাশের মাঠে থাকা আরও বড় ঘাসের লোভে মাঠ ছেড়ে চলে গেছে। এ প্রসঙ্গে মিনসা ক্লাবের একজন খেলোয়াড় জানান, ‘মাঠে এভাবে গরু ঢুকে পড়ার ঘটনাটা বেশ অস্বস্তিকর হলেও আমরা বরং এতে আনন্দই পেয়েছি। ফুটবল মাঠে নানা সময়ে শুধুমাত্র পাগল ভক্তদেরকেই নিরাপত্তার বেড়া ডিঙিয়ে এভাবে মাঠে ঢুকতে দেখেছি আমরা। কিন্তু তাই বলে মাঠের মাঝে একপাল গরু ঢুকে পড়াটা একটু বেশি রকমই অপ্রত্যাশিত।’