মোহাম্মদ মুরাদ হোসেন সরকার,
শিক্ষক (গণিত)
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা
পাঠ্যপুস্তক থেকে অর্জিত জ্ঞানকে কোনো ঘটনার সাথে সম্পৃক্ত করে উদ্দীপক প্রণয়ন করতে হয় এবং উদ্দীপক প্রণয়নের সময় বিষয়বস্তুর ভিত্তিতে দক্ষতার স্তরকে বিবেচনায় রেখে পরিস্থিতি নির্বাচন করতে হবে।
উদ্দীপকে তথ্যের বহুমুখিতা থাকতে হবে।
উদ্দীপক হবে মৌলিক (Unique), এটি পাঠ্যপুস্তকে সরাসরি থাকবে না। উদ্দীপক হিসেবে সরাসরি পাঠ্যপুস্তকের কোনো অংশ/ অনুচ্ছেদ ব্যবহূত হবে না।
কখনও কখনও সিলেবাস বহির্ভূত কোন গল্প, প্রবন্ধ, ছোট গল্প এবং কবিতা থেকে সরাসরি উদ্ধৃতি দেওয়া যেতে পারে। তবে এক্ষেত্রে লক্ষ রাখতে হবে উদ্দীপকটি যেন প্রয়োগ ও উচ্চতর দক্ষতার প্রশ্ন তৈরির চাহিদা পূরণে সক্ষম হয়।
উদ্দীপকের ভাষা হবে আকর্ষণীয়, সহজে বোধগম্য এবং যতদুর সম্ভব সংক্ষিপ্ত।
অপ্রয়োজনীয় শব্দ/বাক্য পরিহার করতে হবে।
উদ্দীপক পাঠ্যপুস্তকের বিষয়বস্তুর সাথে সম্পৃক্ত হতে হবে এবং বিষয়বস্তুর উপর ভিত্তি করেই প্রণীত হবে।
পাঠ্যপুস্তকের একাধিক অধ্যায় সমন্বয় করেও উদ্দীপক তৈরি করা যাবে।
পাঠ্যপুস্তক থেকে অর্জিত জ্ঞানকে কোন ঘটনার সাথে সম্পৃক্ত করে উদ্দীপক প্রণয়ন করতে হবে।
পত্রপত্রিকা, রেফারেন্স বই, প্রবন্ধ, রেডিও ও টেলিভিশনে প্রচারিত বিভিন্ন তথ্য বা ঘটনা, প্রামাণ্য চিত্র, বিজ্ঞাপন ও বিজ্ঞাপনচিত্র, ইত্যাদি উদ্দীপকের উত্স হিসেবে ব্যবহূত হতে পারে।
সংক্ষিপ্ত অনুচ্ছেদ, মানচিত্র, সারণি, গ্রাফ, ডায়াগ্রাম, লেখচিত্র, ছবি ইত্যাদি অথবা এগুলোর সমন্বয়ে উদ্দীপক তৈরি হবে।
দৃশ্যকল্পে প্রশ্নের উত্তর সরাসরি থাকবে না। তবে উত্তর করার ক্ষেত্রে শিক্ষার্থীকে সাহায্য করবে।
একটি প্রশ্নের উত্তর/ উত্তরের ইঙ্গিত অন্য কোন প্রশ্নের উদ্দীপকে থাকবে না।
প্রশ্নপত্রের চিন্তন দক্ষতার/ কাঠিন্যের বিভিন্ন স্তরের ভিত্তিতে বহনির্বাচনী প্রশ্নের শতকরা হার নিম্নোক্ত হবে-
সহজ স্তর - ৩০%
মধ্যম স্তর - ৫০%
কঠিন স্তর - ২০%
নিষেধাজ্ঞাঃ
কোনো জাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠি, ধর্ম, গোত্র, রাজনৈতিক আদর্শ, দেশ, অঞ্চল, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব, ভাষা, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মূল্যবোধকে হেয় করে বা আঘাত করে উদ্দীপক এবং প্রশ্ন প্রণয়ন করা যাবে না।
রাজনৈতিক বা ধর্মীয় ব্যক্তিত্ব অথবা অন্য কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে অবজ্ঞা বা অশ্রদ্ধা করেও উদ্দীপক এবং প্রশ্ন প্রণয়ন করা যাবে না।
হিংসা বা বিদ্বেষ ছড়াতে পারে, মানহানির ঘটনা ঘটতে পারে এমন উদ্দীপক এবং প্রশ্ন কোনোভাবেই প্রণয়ন করা যাবে না।
গণিত সৃজনশীল প্রশ্নের গঠন ও কাঠামো ঃ
শুরুতেই বলা হয়েছে উদ্দীপক সরাসরি (হুবহু) বইয়ের হবে না। সুতরাং একটি সৃজনশীল প্রশ্নের শুরুতে একটি নতুন পরিস্থিতিযুক্ত উদ্দীপক ও উদ্দীপক সংশ্লিষ্ট তিনটি প্রশ্ন থাকবে। চিন্তার গভীরতা/বহুমাত্রিকতা, time এবং Stepping এর উপর নির্ভর করে প্রশ্ন তিনটি কাঠিন্যের স্তর (সহজ, মাধ্যম ও কঠিন) নির্ধারন হয়ে থাকে। প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্যে ১০ নম্বর বরাদ্দ থাকবে। ক, খ ও গ প্রশ্নের জন্যে যথাক্রমে ২, ৪ ও ৪ নম্বর, মোট ১০ নম্বর বরাদ্দ থাকবে।
নতুন পরিস্থিতিযুক্ত উদ্দীপক
ক) * সৃজনশীল প্রশ্নের এই অংশটি হবে সহজ।
* এই অংশের উত্তর দেওয়ার জন্যে শিক্ষার্থীকে খুব বেশি চিন্তা করতে হবে না। অর্থাত্ চিন্তার গভীরতা কম হবে।
* এই অংশের প্রশ্নটি উদ্দীপকের উপর নির্ভরশীল নাও হতে পারে। তবে পরোক্ষ নির্ভরশীলতা অবশ্যই থাকবে।
* এই অংশের উত্তরের ক্ষেত্রে ন্যূনতম দুইটি ধাপ থাকে। এখানে ধাপ বলতে সুনির্দিষ্ট শিখনফলকে শিক্ষার্থী যা নির্ণয় করতে সক্ষম হবে) বোঝানো হয়েছে।
* ১ থেকে ৩ মিনিট সময় ব্যয় করে শিক্ষার্থী এই অংশের উত্তর দেওয়ার চেষ্টা করবে।
* এই অংশের জন্যে ২ নম্বর বরাদ্দ থাকবে।
খ) * সৃজনশীল প্রশ্নের এই অংশটি হবে মধ্যম মানের।
* এই অংশের উত্তর দেওয়ার জন্যে শিক্ষার্থীকে চিন্তার গভীরতা/বহুমাত্রিকতা প্রথম অংশের চেয়ে বেশি হবে।
* এই অংশে শিক্ষার্থী উত্তরের মধ্যে পাঠ্যপুস্তকের এক বা একাধিক তত্ত্ব, তথ্য, ধারণা, নিয়ম-নীতি, সূত্র ইত্যাদি প্রয়োগের সুযোগ পাবে।
* এই অংশের প্রশ্নটি উদ্দীপকের উপর নির্ভরশীল হবে।
* এই অংশের উত্তরের ক্ষেত্রে ন্যূনতম চারটি ধাপ থাকবে।
* ৬ থেকে ৮ মিনিট সময় ব্যয় করে শিক্ষার্থী এই অংশের উত্তর দেওয়ার চেষ্টা করবে।
