নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, খালেদা জিয়া দেশের স্বাধীনতা নস্যাতের চক্রান্তে লিপ্ত রয়েছে। কারণ তিনি দেশ রক্ষার নামে আমেরিকার কাছে ধরনা দিয়ে এসব করে যাচ্ছেন। আমেরিকা ১৯৭১ সালে যুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে ছিল। ১৯৭৪ সালে খাদ্য দেয়ার প্রতিশ্রুতি দিয়েও তারা খাদ্য দেয়নি। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আমতলী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক শোক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগ সভাপতি জিএম দেলওয়ারের সভাপতিত্বে ইউটিএন্ডডিসি হলে অনুষ্ঠিত শোক সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বরগুনার-১ আসনের এমপি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, মেয়র মো: মতিয়ার রহমান, শহীদুল ইসলাম মৃধা, মোতাহার উদ্দিন মৃধা, মজিবুর রহমান ও কলাপাড়া উপজেলা চেয়ারম্যান মো:মোতালেব তালুকদার প্রমুখ। সভায় মন্ত্রী ৪ টি সংগঠনকে ৮০ হাজার টাকা অনুদানের চেক বিতরণ করেন। পরে মন্ত্রী আমতলী লঞ্চঘাটে একটি নৌ ভবন নির্মাণের জায়গা পরিদর্শন করেন।
