আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ সদর আসনের এমপি শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, জিয়াউর রহমান জাতির জনক বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত ছিলেন। তাই তিনি বঙ্গবন্ধু হত্যার বিচার যাতে না হয় সে জন্য ইনডেমনিটি অধ্যাদেশ জারি করেছিলেন এবং খালেদা জিয়াও বোঝাতে চেয়েছেন তিনিও বঙ্গবন্ধুর খুনিদের সাথে আছেন। তাই খালেদা জিয়া শোকের দিনে ‘ভুয়া জন্মদিন’ পালন করছেন।
শেখ সেলিম শনিবার সকালে সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত মিলাদ ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
চন্দ্রদিঘলিয়া ইউনিয়নের চেয়ারম্যান কেএম ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুত্ফর রহমান বাচ্চু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ মোঃ ইউসুফ আলীসহ দলীয় নেতৃবৃন্দ।
