স্ত্রীকে লোহার ছ্যাঁকা

আপডেট : ১৬ আগস্ট ২০১৪, ২১:৪৬
রংপুরের বদরগঞ্জে স্বামী আলমগীরের (৩৮) নির্যাতনের শিকার হয়ে শাহিদা বেগম (৩২) নামে এক গৃহবধূ তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যন্ত্রণায় কাতরাচ্ছেন। ১৩ বছর আগে তাদের সংসার শুরু হয়। তিন সন্তানসহ তারা ভালোই ছিল। চার বছর আগে শাহিদার অমতে আলমগীর কল্পনা বেগম নামের এক তরুণীকে দ্বিতীয় বিয়ে করে। গত শনিবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আলমগীর তার বড় স্ত্রী শাহিদাকে বেদম প্রহার শেষে দুই হাতে, দুই গালে ও দুই উরুতে লোহার রড গরম করে ছ্যাঁকা দেয়। হাসপাতালে চিকিত্সাধীন শাহিদা বেগম গত বৃহস্পতিবার বলেন, সে এ ঘটনার বিচার চায়। তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সক ডা. ইলফাতি আক্তারী তিশা বলেন, রোগীর শরীরে একাধিক স্থানে গরম লোহার ছ্যাঁকা রয়েছে। তার সুস্থ হতে সময় লাগবে। বদরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মামুন অর রশিদ বলেন, ওই গৃহবধূকে নির্যাতনের কোনো অভিযোগ থানায় পাইনি। পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।