আবাসন প্রকল্পে সচ্ছল মুক্তিযোদ্ধার নাম তালিকাভুক্তির অভিযোগ

আপডেট : ১৬ আগস্ট ২০১৪, ২১:৪৬
পঞ্চগড়ে আবাসন প্রকল্পের অধীনে বাড়ি তৈরির তালিকায় এক স্বচ্ছল মুক্তিযোদ্ধার নাম রয়েছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ই্উনিয়নের মুক্তিযোদ্ধারা। এতে মুক্তিযোদ্ধাদের মাঝে চাপা উত্তেজনা বিরাজ করছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগে মুক্তিযোদ্ধারা জানান, সরকারের গরীব ও গৃহহীন মুক্তিযোদ্ধাদের জন্য গৃহ নির্মাণ প্রকল্পের আওতায় পঞ্চগড় সদর উপজেলায় ১৪ জন মুক্তিযোদ্ধার নাম তালিকাভুক্ত করা হয়েছে। এই তালিকায় সদর উপজেলা কমান্ডার আব্দুল আজিজের নামও রয়েছে। অভিযোগে তারা উল্লেখ করেন আব্দুল আজিজ একজন চাকরিজীবী ও প্রায় ৪ একর জমির মালিক। তারপরও গৃহহীন অন্য মুক্তিযোদ্ধার নাম বাদ দিয়ে তার নাম গোপনে তালিকাভুক্ত করা হয়েছে। যা সাধারণ মুক্তিযোদ্ধারা জানেন না। তারা তালিকা থেকে তার নাম বাদ দিয়ে প্রকৃত গৃহহীন মুক্তিযোদ্ধার নাম তালিকাভুক্ত করার জোর দাবি জানান। এ ব্যাপারে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডার মির্জা আবুল কালাম দুলাল জানান, এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক। তালিকাটি করা হয় বিগত কমিটির আমলে। তিনি আব্দুল আজিজের নামে বরাদ্দ ও নির্মাণ আদেশ বাতিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।