কাপাসিয়ায় স্কুলের দপ্তরি-কাম-প্রহরী নিয়োগে হয়রানির অভিযোগ

আপডেট : ১৬ আগস্ট ২০১৪, ২১:৪৭
গাজীপুরের কাপাসিয়ায় কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি-কাম প্রহরী নিয়োগে চূড়ান্ত প্রার্থী বাছাইয়ের পর নিয়োগ না দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর নিকট লিখিত অভিযোগ করা হয়েছে। জেলার ৪২ নং খিড়াটি, ৪০ নং ঘাগুটিয়া এবং ২৭ নং সিঙ্গুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি-কাম প্রহরী নিয়োগের জন্য গত ১ ও ২ মার্চ লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হয়। নিয়ম অনুযায়ী ইউএনও, উপজেলা শিক্ষা কর্মকর্তা, সংশ্লিষ্ট বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক পরীক্ষা গ্রহণ করেন। পরীক্ষায় ৪২ নং খিড়াটিতে কামাল হোসেন, ৪০ নং ঘাগুটিয়ায় ইমাম হোসেন এবং ২৭ নং সিঙ্গুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মো. রুবেল মিয়া প্রথম স্থান অধিকার করেন। কিন্তু অজ্ঞাত কারণে প্রথম স্থান অধিকারীদেরকে নিয়োগ প্রদান করা হচ্ছে না। ফলে বিদ্যালয়ের কাজ-কর্মে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে প্রতিকারের আশায় গত ১ জুন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান এমপির বরাবরে উল্লেখিত ৩টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতিরা যৌথভাবে লিখিত অভিযোগ করেন। মন্ত্রী গাজীপুরের জেলা প্রশাসককে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য লিখিত সুপারিশ করেন। কিন্তু মন্ত্রীর সুপারিশের পর আড়াই মাস পেরিয়ে গেলেও অদ্যাবধি এ সমস্যার কোন সমাধান হয়নি। গাজীপুরের জেলা প্রশাসক বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য গাজীপুরের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন জানান, গত ৭ আগস্ট তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে বিষয়টি জেলা কমিটিতে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে। গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল ইসলাম বলেন, তদন্ত প্রতিবেদন পেলে ব্যবস্থা নেয়া হবে। অভিযোগকারীরা জানান, আমরা কারো বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অভিযোগ করিনি, যারা প্রথম স্থান অর্জন করেছে তাদের নিয়োগের আবেদন জানানো হয়েছে