নওগাঁর পত্নীতলায় দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

আপডেট : ১৬ আগস্ট ২০১৪, ২১:৪৮
নওগাঁর পত্নীতলা উপজেলার দিবর দিয়ারাপাড়া গ্রামে গতকাল শনিবার সকালে দু’পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের প্রায় নারীসহ ১০ জন আহত হয়েছেন। আহতরা হলেন— আজিম উদ্দীন, মফিজুল, আকলাম, জিন্নাতুন, তাসলিমা, বেবী পারভীন, রবিউল, কয়েশ উদ্দীন, হযরত আলী, মনিজা বেগম। আহতদের সাপাহার হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে আজিম উদ্দীন, মফিজুল, বেবী পারভীন, তাসলিমা বেগম, কয়েশ উদ্দীন, হযরত আলী ও মনিজা বেগমের অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আজিম উদ্দীন রাস্তার পাশে একখণ্ড জমি ক্রয় করে আম গাছ রোপণ করে প্রায় ২০ বছর ধরে ভোগদখল করে আসছে। গত ২১ সে জুলাই দুপুরে কয়েশ আলী পূর্ব পরিকল্পিতভাবে একদল ভাড়াটিয়া লাঠিয়াল দিয়ে বাগান থেকে জোরপূর্বক আম পাড়তে থাকে। এ সময় বাধা দিলে তারা আজিমুদ্দীনের বাড়িতে প্রবেশ করে পরিবারের লোকজন কুপিয়ে জখম করে এবং ব্যাপক লুটপাট চালায়। এ ঘটনায় আজিমুদ্দীন বাদী হয়ে গত ১১ আগস্ট পত্নীতলা থানায় একটি মামলা দায়ের করেন। ঐ মামলায় কয়েশ উদ্দীন ও তার লোকজন গত বৃহস্পতিবার আদালত থেকে জামিন লাভ করে ও গ্রামে ফিরে আবারো হামলার ঘোষণা দেয়। গতকাল শনিবার সকাল ৭টায় কয়েশ উদ্দীনের নেতৃত্বে একদল লাঠিয়াল আজিমুদ্দীনের আম বাগানে প্রবেশ করে গাছপালা কাটতে থাকে ও বসত বাড়িতে তাণ্ডব চালায়। এ সময় বাধা দিতে গেলে হামলাকারীরা মহিলা ও পুরুষদের ধারালো হাসুয়া দিয়ে এলোপাতাড়ি কোপায়। পত্নীতলা থানার এএসআই তাজুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে হামলাকারীদের ফেলে যাওয়া একটি ধারালো অস্ত্র, হাসুয়া, লোহার রড, লাঠি ও একটি মোটর সাইকেলের হেলমেট উদ্ধার করা হয়েছে। পত্নীতলা থানার ওসি (তদন্ত) সিদ্দিকুর রহমান জানান, ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।