সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৬ আগস্ট ২০১৪, ২১:৪৯
শার্শার পল্লীতে আওয়ামী লীগ অফিসে হামলা বেনাপোল (যশোর) সংবাদদাতা \ অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে যশোরের শার্শা উপজেলার নিজামপুর বাজারে গত শুক্রবার আওয়ামী লীগ অফিসে হামলা চালিয়ে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় এমপি শেখ আফিলউদ্দিনের ছবি ভাংচুর করার অপরাধে যুবলীগের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। আটক ২ যুবলীগ কর্মী হলো- নিজামপুর ইউনিয়নের সোনা নদীয়া গ্রামের আসাদ (২৩) ও জাফর আলী (২৫)। তারা উভয়েই স্থানীয় যুবলীগ নেতা সাইদুল মেম্বার গ্রুপের সদস্য। শার্শা থানার ওসি (তদন্ত) মহিউদ্দিন মিয়া ও স্থানীয়রা জানায়, দলীয় অভ্যন্তরীণ প্রভাব বিস্তার নিয়ে নিজামপুর ইউনিয়ন যুবলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক সাইদুল মেম্বার ও শার্শা উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আবুল কালাম আজাদের বিরোধ রয়েছে। ওই বিরোধের জের ধরে শুক্রবার তারা ভাংচুর করে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। বেনাপোলে ফেনসিডিলসহ যুবক আটক বেনাপোল (যশোর) সংবাদদাতা \ শরীরের সাথে ফিটিং অবস্থায় ফেনসিডিলসহ মতিয়ার রহমান (৩০) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বেনাপোল বিজিবি ক্যাম্পের সামনে থেকে গত শুক্রবার তাকে আটক করা হয়। মতিয়ার রহমান বেনাপোল পোর্ট থানার বড়আঁঁচড়া গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে। যশোর ২৬ বিজিবির বেনাপোল ক্যাম্পের সুবেদার রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় এক যুবক গাতিপাড়া গ্রাম থেকে শরীরে ফেনসিডিল ফিটিং করে যশোরের উদ্দেশে রওনা দিয়েছে। এসময় ক্যাম্পের সামনে থেকে হাবিলদার জালালের নেতৃত্বে একদল বিজিবি তাকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপারে পোর্ট থানায় মামলা হয়েছে। নালিতাবাড়ীতে বিনামূল্যে চিকিত্সাসেবা নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা \ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বিশিষ্ট নাগরিকদের সমন্বয়ে মুক্তিযুদ্ধের চেতনায় অরাজনৈতিক সমাজসেবী সংগঠন ‘চেতনা’-র উদ্যোগে মাদার তেরেসা, ভ্যালোরি টেলর ও শম্ভুগঞ্জের রিকশাচালক মো. জয়নাল আবেদীনের অনুপ্রেরণায় ১০ জন বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে বিনামূলো চিকিত্সা সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। গত শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১৫ আগষ্ট জাতীয় শোকদিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে এই সেবা প্রদান করা হয়। এসময় পরিষদ চত্বরের মুক্তমঞ্চে বক্তব্য রাখেন চেতনার সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান মুকুল, আহবায়ক ডা. দলিলউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান তালুকদার, আব্দুর রহমান হাজী প্রমুখ। লালমনিরহাটে পরিবেশ বিষয়ক সভা লালমনিরহাট প্রতিনিধি\ গতকাল শনিবার পরিবেশ অধিদপ্তরের আয়োজনে ইট ভাটা, চাল কল, শিল্প প্রতিষ্ঠানের মালিক, সরকারি কর্মকর্তা, পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দের সমন্বয়ে পরিবেশ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক রইছউল আলম মন্ডল। বিশেষ অতিথি ছিলেন, পরিবেশ অধিদপ্তরের রাজশাহী ও রংপুর বিভাগীয় পরিচালক আলী রেজা মজিদ। এতে বক্তব্য রাখেন, লালমনিরহাট চেম্বার অব কমার্স-এর সভাপতি শেখ আব্দুল হামিদ বাবু, জেলা ইট ভাটা মালিক সমিতি’র সভাপতি আব্দুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম প্রমুখ। সিংড়ায় হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সিংড়া (নাটোর) সংবাদদাতা\ “হূদয়ে কাবা, নয়নে মদিনা” হজ্ব কাফেলার আয়োজনে নাটোরের সিংড়ায় ১ দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার পৌর কমিউনিটি সেন্টারে এ বছর উপজেলা থেকে হজ্বে যেতে ইচ্ছুক ব্যক্তিদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। হূদয়ে কাবা নয়নে মদিনা হ্জ্ব কাফেলার পরিচালক মাও. খলিলুর রহমানের পরিচালনায় কর্মশালায় প্রশিক্ষক ছিলেন, সিংড়া কেন্দ্রীয় বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব মাও. আলী আকবর ও সিংড়া হামিদিয়া মাদরাসার মুহতামিম আবদুস সালাম। এসময় উপস্থিত হাজী হারুন অর রশিদ, মোজাম্মেল হক, মোস্তাফিজুর রহমান, লতিফ তালুকদার, লোকমান হাবিব, জালাল উদ্দিন প্রমুখ। দুর্গাপুরে তথ্য প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা \ জেলার দুর্গাপুর উপজেলায় বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও টিএমএসএস আয়োজিত ‘বাড়ি বসে বড়লোক’ এর আওতায় অন লাইনে আয় বিষয়ক বিনামূল্যে ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে গতকাল শনিবার। এ প্রশিক্ষণ কর্মসূচিতে ৪৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। তাদেরকে দুই দিনব্যাপী Basic out sourceing বিষয়ের উপর প্রশিক্ষণ দেয়া হবে। কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস। এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃদাঃ) মোঃ ফাহাদ পারভেজ বসুনীয়া এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খান, প্রশিক্ষক মোঃ আল্ আমিন, মোঃ ফয়সল হক। সাতক্ষীরায় মহিলা আওয়ামী লীগের সভা সাতক্ষীরা প্রতিনিধি \ জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ মহিলা আ’লীগ ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সাতক্ষীরার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও জেলা মহিলা আ’লীগের সভানেত্রী রিফাত আমিনের নিজস্ব কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচন সভায় সভানেত্রী রিফাত আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আ’লীগের সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মুজিবর রহমান, সহ-সভাপতি ও সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক মুনসুর আহম্মেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ। এসময় আ’লীগ ও মহিলা’লীগসহ অংগ সংগঠনের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। মাদারীপুরে বঙ্গবন্ধুকে নিয়ে আপত্তিকর তথ্যচিত্র প্রচারের অভিযোগে গ্রেফতার ১ মাদারীপুর প্রতিনিধি \ জেলা সদরের ইজমা ডিস চ্যানেলে বঙ্গবন্ধুকে নিয়ে আপত্তিকর তথ্যচিত্র প্রচারের অভিযোগে গত শুক্রবার ওমর ফারুক নামের এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে এবং তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে। জানা যায়, বঙ্গবন্ধুর ৩৯তম শাহাদাত বার্ষিকীতে উক্ত চ্যানেলটিতে ‘মুখোশের আড়ালে বঙ্গবন্ধু’ শিরোনামে একটি তথ্যচিত্র প্রচার করে আসছিল। চ্যানেলে উক্ত প্রচারিত তথ্যচিত্রটিতে আপত্তিকর দাবি করে স্থানীয় নানা শ্রেণির মানুষ থানায় অভিযোগ করে। অভিযোগের সত্যতা পেয়েই পুলিশ পানিছত্র গ্রামের আব্দুল করিম খানের ছেলে ওমর ফারুক খানকে গ্রেফতার করে। পুলিশ একই সময়ে ইজমা ডিস চ্যানেলটি বন্ধ করে দেয়। এই ঘটনায় মাদারীপুর মডেল থানায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে। সিংগাইরে মুক্তিযোদ্ধা সমাবেশ সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা \ গতকাল শনিবার সিংগাইরে মুক্তিযোদ্ধারা শোক র্যালি শেষে সমাবেশ করেছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিংগাইর উপজেলা শাখা জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করে। মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার প্রকৌশলী তোবারক হোসেন লুডু এতে প্রধান অতিথি ছিলেন। উপজেলা কমান্ডার মো: আবুল বাসারের সভাপতিত্বে এবং বীর মুক্তিযোদ্ধা ডা: আলী জিলকদ আহম্মেদের উপস্থাপনায় বক্তব্য রাখেন জেলা ডেপুটি কমান্ডার আব্দুল মমিন খান, উপজেলা ডেপুটি কমান্ডার মো: বশির উদ্দিন, অধ্যক্ষ মো: নূরুদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা অলক কুমার সাহা প্রমুখ। পূর্বধলা গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা \ নেত্রকোনার পূর্বধলায় গ্র্যাজুয়েট এসোসিয়েশন অব পূর্বধলা নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার বিকেলে এক সভায় সর্বসম্মতিক্রমে মো. হারুন অর-রশিদ খানকে সভাপতি ও মো. এমদাদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যবিশিষ্ট একবছর মেয়াদী একটি পূর্ণাঙ্গ কমিটি ও তিনসদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন: সহ-সভাপতি রফিকুর রহমান, সহ-সাধারণ সম্পাদক সাইফুল হক বেবী, কোষাধ্যক্ষ মাহাবুবুর রহমান ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক আ. ওয়াহাব, সাংগঠনিক সম্পাদক এমরানউদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক আ. রশিদ, দপ্তর সম্পাদক মো. মসিউর রহমান, সদস্য- মো. নজরুল ইসলাম মামুন ও দেবাশীষ। এছাড়া উপদেষ্টা পরিষদের তিনজন হলেন: প্রধান উপদেষ্টা অধ্যাপক মাফিজউদ্দিন, উপদেষ্টা সচিব মো. হাবিবুর রহমান ও সম্মানিত উপদেষ্টা সদস্য মো. শামছুদ্দিন। রায়পুরে জাতীয় শোক দিবসে আলোচনা সভা রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা\ লক্ষ্মীপুরের রায়পুরে ইউনিয়ন আ. লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা করা হয়েছে গতকাল শনিবার। এতে দলীয় প্রায় ১ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। ইউনিয়নের যুবলীগের সভাপতি আক্তারুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাউদ্দিন টিপু, কেন্দ্রীয় আ.লীগের নেতা এসকান্দার মির্জা শামীম, জেলা শ্রমিকলীগ নেতা তানবির হায়দার চৌধুরী রিংকু, উপজেলার ছাত্রলীগের সভাপতি মারুব বিন জাকারিয়া, আব্দুল আল মামুন, পীরজাদা সৌহরাভ, ওহিদুল ইসলাম, যুবলীগ নেতা নুরনবী শাওন ও শিপন পাটোয়ারী প্রমুখ। ডুমুরিয়ায় মত্স্য প্রতিমন্ত্রী কর্তৃক মাছের পোনা অবমুক্তকরণ ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা \ ডুমুরিয়া উপজেলা মত্স্য দপ্তরের পক্ষ থেকে গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদের পুকুরে রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করেন মত্স্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান খান আলী মুনসুর, নির্বাহী অফিসার সামছুদ্দৌজা, সহকারী কমিশনার (ভূমি) সেলিম রেজা, প্রাণী সম্পদ কর্মকর্তা শংকর প্রসাদ মণ্ডল, থানা অফিসার ইনচার্জ এম মশিউর রহমানসহ স্থানীয় সুধীমন্ডলী উপস্থিত ছিলেন। গাজীপুরে ইঞ্জিনিয়ারিং কনসালটেন্টস্ এসোসিয়েশনের সভা গাজীপুর প্রতিনিধি \ ইঞ্জিনিয়ারিং কনসালটেন্টস্ এসোসিয়েশন অব গাজীপুরের বার্ষিক সাধারণ সভা ও অভিষেক অনুষ্ঠান গতকাল শনিবার গাজীপুর মহানগরীর সার্ডি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আবুল খায়ের ষ্টিলের সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আবুল খায়ের ষ্টিলের সিনিয়র ম্যানেজার (মার্কেটিং) মোঃ শরিফুল ইসলাম নবাব। ইঞ্জিনিয়ারিং কনসালটেন্টস্ এসোসিয়েশন অব গাজীপুরের সভাপতি প্রকৌশলী তহসিন উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী শাহ মামুন সারওয়ারের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রকৌশলী লিয়াকত আলী মোল্লা, মোঃ জাহাঙ্গীর কবির, আবুল কাশেম, এবিএম জিল্লুর রহমান মাসুম, শাহ জামাল পলাশ প্রমুখ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রকৌশলী তহসিন উদ্দিন আহমেদকে সভাপতি ও এবিএম জিল্লুর রহমান মাসুমকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্টস্ এসোসিয়েশন অব গাজীপুর শাখার নতুন কমিটি গঠন করা হয়। সুন্দরগঞ্জে বন্যার্তদের মাঝে সরকারি ত্রাণ বিতরণ সু্ন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা \ উপজেলায় বন্যার্তদের মাঝে সরকারিভাবে ত্রাণ বিতরণ করা হয়েছে। জানা গেছে, গতকাল শনিবার বেলকা ইউনিয়নের বন্যা দুর্গত মানুষের মাঝে সরকারি ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত ১ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন-ইউএনও আবু রাফা মোহাম্মদ আরিফ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম ও স্থানীয় চেয়ারম্যান জহুরুল হক সরদার। এছাড়া বন্যাদুর্গত হরিপুর, কাপাসিয়া, চন্ডিপুর ও তারাপুর ইউনিয়নের হাজার হাজার মানুষ বন্যায় পানিবন্দি হয়ে পড়েছে। তারা এ পর্যন্ত সরকারিভাবে কোন সাহায্য-সহযোগিতা পাননি। এদিকে ইউএনও ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বন্যা কবলিত এলাকাগুলো পরিদর্শন করেন এবং পানিবন্দি মানুষদের সাহায্য-সহযোগিতার আশ্বাস দেন। কুড়িগ্রামে ফলদ ও বনজ বৃক্ষমেলা শুরু কুড়িগ্রাম প্রতিনিধি \ কুড়িগ্রামে সপ্তাহব্যাপী ফলদ ও বনজ বৃক্ষমেলা শুরু হয়েছে। গতকাল শনিবার সকালে শহরের বিজয় স্তম্ভ চত্বরে মেলার উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক এ বি এম আজাদ। মেলা চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক প্রতীপ কুমার মণ্ডল, বিভাগীয় বন কর্মকর্তা সফিকুল ইসলাম ও প্রেস ক্লাবের সভাপতি মোঃ শাহাবুদ্দিন প্রমুখ। দেবীগঞ্জে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা \ স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগের বাস্তবায়নে দেবীগঞ্জে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে গতকাল শনিবার। সংসদ সদস্য এ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন। এ সময় উপজেলা চেয়ারম্যান হাসনাত্ জামান চৌধুরী জজ, উপজেলা নির্বাহী অফিসার মো. তোফাজ্জল হোসেন, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার স্বদেশ চন্দ্র রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ.স.ম. নূরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। আড়াইহাজারে খালেদা জিয়ার জন্মবার্ষিকী রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ জেলার আড়াইহাজার উপজেলার পাঁচরুখী এলাকায় বিএনপি কার্যালয়ে গত শুক্রবার রাতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৬৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ সময় প্রধান অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা যুবদলের আহবায়ক জুয়েল আহমেদ জুয়েল, সিনিয়র যুগ্ম আহবায়ক আজাহারুল ইসলাম লাভলু, গোপালদী পৌর যুবদলের আহবায়ক রফিক, আড়াইহাজার পৌর যুবদলের আহবায়ক কবির হোসেন, ব্রাহ্মন্দী ইউনিয়ন যুবদলের সভাপতি মাহাবুব রহমান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক আজিজুল হক, ফতেহপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মনির হোসেন, বিসনন্দী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নূরুল ইসলাম প্রমুখ। রংপুরে পুলিশী অভিযানে ৪৬ জন গ্রেফতার রংপুর প্রতিনিধি\ রংপুরে পুলিশের বিশেষ অভিযানে ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গত শুক্রবার রাত থেকে গতকাল শনিবার ভোর পর্যন্ত রংপুর মহানগরীসহ জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রংপুর জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, কোতয়ালী থানা পুলিশ ২৭ জনকে, গঙ্গাচড়া থানা পুলিশ ৬ জনকে, মিঠাপুকুর থানা পুলিশ ৪ জনকে, পীরগাছা থানা পুলিশ ৪ জনকে, বদরগঞ্জ থানা পুলিশ ২ জনকে, পীরগঞ্জ থানা পুলিশ ২ জনকে এবং কাউনিয়া থানা পুলিশ ১ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতি, রাহাজানি, সন্ত্রাসি, মাদক ব্যবসা, মাদক সেবন, হত্যা ও খুনের মামলা রয়েছে। গতকাল দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।