গাজায় ইসরাইলীদের বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে বিএনপি’র নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে গতকাল শনিবার সারাদেশে কালো পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। খবর- ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
রংপুর
রংপুর জেলা ও মহানগর বিএনপি’র উদ্যোগে গতকাল দুপুরে জেলা বিএনপি’র কার্যালয় থেকে কালো পতাকা মিছিল বের করা হয়। মিছিলটি মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সভাপতি এমদাদুল হক ভরসা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মহানগর সভাপতি মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক সামসুজ্জামান সামু, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান লাকু, জেলা সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রাঙ্গা প্রমুখ।
বরিশাল
বরিশাল নগরীতে বিএনপির উদ্যোগে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সম্মুখ থেকে কালো পতাকা মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। মিছিলে নেতৃত্ব দেন জেলার ২০ দলীয় জোটের সমন্বয়ক ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান সরোয়ার।
দিনাজপুর
জেলা বিএনপিসহ ২০ দলীয় ঐক্যজোটের উদ্যোগে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়। শহরের জেল রোডের দলীয় কার্যালয় থেকে জেলা বিএনপি’র সভাপতি লুত্ফর রহমান মিন্টুর নেতৃত্বে মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়।
ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হারুন আল রশিদ, যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, সিরাজুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইয়াকুব আলী ও জেলা যুবদল আহ্বায়ক মনির হোসেন প্রমুখ।
চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে জেলা শহরে দলীয় কালো পতাকা মিছিল বের করে। মিছিল শেষে জেলা আহ্বায়ক অহিদুল ইসলাম বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির ১ নং যুগ্ম-আহ্বায়ক শিল্পপতি মাহমুদুল হক খান বাবু প্রমুখ।
সুনামগঞ্জ
সুনামগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে শহরের পৌর চত্বর থেকে মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্টে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, জেলা বিএনপির সদস্য ওয়াকিফুর রহমান গিলমান, সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুল হক, অ্যাডভোকেট আব্দুল হক, আবুল মনসুর শওকত, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান প্রমুখ।
বাগেরহাট
বাগেরহাট জেলা বিএনপিসহ ২০ দলীয় জোটের উদ্যোগে কালো পতাকা মিছিল শহরের পুরাতন বাজার মোড় থেকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সমাবেশ করে। বাগেরহাট জেলা বিএনপির সভাপতি এমএ সালামের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী রেজা বাবু, মোজাফ্ফর রহমান আলম, সমসের আলী মোহন, মেহেবুবুল হক কিশোর, সুজা উদ্দিন মোল্লা সুজন, হাজরা আসাদুল ইসলাম পান্না, হাফিজুর রহমান তুহিন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শেখ জাকির হোসেন, আইয়ুব আলী মোল্লা বাবু প্রমুখ।
হবিগঞ্জ
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট পৌরসভা প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। এর আগে অ্যাডভোকেট খালিকুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পৌর মেয়র জি কে গউছ, মিজানুর রহমান চৌধুরী, ইসলাম তরফদার তনু, অ্যাডভোকেট নূরুল ইসলাম, মাওলানা মুখলেছুর রহমান, অ্যাডভোকেট শামছু মিয়া চৌধুরী, অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, আজিজুর রহমান কাজল, তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, আমিনুল ইসলাম বাবুল প্রমুখ।
কুড়িগ্রাম
কালো পতাকা মিছিল ও সমাবেশ করেছে কুড়িগ্রামে জেলা বিএনপির বিবদমান দুইটি গ্রুপ। কুড়িগ্রাম জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক সোহেল হাসনাইন কায়কোবাদ, পৌর মেয়র ও সাংগঠনিক সম্পাদক নূর ইসলাম নূরু, প্রচার সম্পাদক মিজানুর রহমান পিন্টু, দফতর সম্পাদক আশরাফুল হক রুবেল, মাসুদ রানা মাসুদ, মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব প্রমুখ। অপরদিকে জেলা বিএনপির সহ-সভাপতি আবু বকর সিদ্দিকের নেতৃত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সহ-সভাপতি মোস্তাফিজার রহমান সহ-সভাপতি শফিকুল ইসলাম বেবু, সহ-সম্পাদক হাসিবুর রহমান হাসিব প্রমুখ নেতা। জামায়াতের উদ্যোগে কালো পতাকা মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের অফিস সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন, শহর জামায়াত সম্পাদক অ্যাডভোকেট ইয়াছিন আলী, জেলা শিবির সেক্রেটারি রাশেদুল ইসলাম রোমান প্রমুখ।
সাতক্ষীরা
মিছিলটি শহরের মোজাহার পাম্পের সামনে থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিউমার্কেটের সামনে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক চেয়ারম্যান আব্দুল আলিম। বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সামাদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক চেয়ারম্যান আব্দুল আলিম, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোদাচ্ছেরুল হক হুদা, কৃষক দল সভাপতি আবু জাহিদ ডাবলু প্রমুখ।
