বাঁশখালীতে ভাঙ্গনকবলিত মানুষের মানবেতর জীবন যাপন

আপডেট : ১৬ আগস্ট ২০১৪, ২১:৫৩
ভাঙ্গনের ফলে বাঁশখালীর উপকূলীয় মানুষগুলো গৃহহারা হলেও তাদের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না বলে স্থানীয়দের অভিযোগ। ইতিমধ্যে বেশ কিছু ভাঙ্গন কবলিত মানুষ সবকিছু হারিয়ে মানবেতর জীবন যাপন করছে। এ সব গৃহহারাদের খাস জমি বরাদ্দ দেয়া, তাদের পুনর্বাসন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করার জন্য স্থানীয়দের দাবি দিন দিন জোরালো হলেও এই ব্যাপারে কার্যকর কোন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। খানখানাবাদ ইউনিয়নের বাসিন্দারা জানান, প্রতিনিয়ত ভাঙ্গনের শিকার হয়ে খানখানাবাদ এলাকা হারিয়ে যাচ্ছে। খানখানাবাদ এলাকায় কয়েকশ’ বাড়িঘর এবং প্রেমাশিয়া বাজারের শতাধিক দোকানপাট সাগর গর্ভে বিলীন হয়ে গেছে। সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী বাঁশখালীতে উপকূলীয় এলাকায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করলেও তা এখনও বাস্তবায়ন শুরু হয়নি। ফলে ভাঙ্গা বেড়িবাঁধ দিয়ে প্রতিনিয়ত জোয়ার ভাটার পানি ঢুকছে উপকূলীয় এলাকা খানখানাবাদে। খানখানাবাদ ইউপির চেয়ারম্যান আবু ছিদ্দিক আবু জানান, বিলীন হওয়া বেড়িবাঁধের ভাঙ্গন দিয়ে প্রতিনিয়ত জোয়ারের পানি ঢুকে গ্রামের বসতবাড়ি, ফসলি জমি প্ল¬াবিত হয়। তিনি জানান, বিগত কয়দিনের জলোচ্ছ্বাস খানখানাবাদ এলাকার বিভিন্ন এলাকা প্লাবিত হওয়াসহ বহু ঘর-বাড়ি ক্ষতির সম্মুখীন হয়েছে।