সেমিতে ফেদেরার সেরেনা শারাপোভা

আপডেট : ১৬ আগস্ট ২০১৪, ২২:০৯
রজার ফেদেরার অষ্টম বাছাই অ্যান্ডি মারেকে হারিয়ে সিনসিনাটি টেনিসের সেমিফাইনালে উঠেছেন। পুরুষ এককের দ্বিতীয় বাছাই এই সুইসের পাশাপাশি শেষ চার নিশ্চিত করেছেন কানাডার মিলোস রাওনিক ও স্পেনের ডেভিড ফেরার। আর মেয়েদের এককে সেমিফাইনালের টিকিট পেয়েছেন শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামস ও পঞ্চম বাছাই রাশিয়ার মারিয়া শারাপোভা। বাই নিয়ে প্রথম রাউন্ড পেরোবার পরে দ্বিতীয় রাউন্ডে টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচটি খেলেছিলেন ফেদেরার। ভাসেক পসপিলের বিরুদ্ধে ঐ ম্যাচে ফেদেরারের জয়টি ছিল এটিপি টুর্নামেন্টে তার ক্যারিয়ারের ৩০০তম জয়। এরপর তৃতীয় রাউন্ডে রেকর্ড ১৭ বারের এই গ্র্যান্ডস্ল্যাম জয়ী পরাস্ত করেন গায়েল মনফিলসকে। ফলে আত্মবিশ্বাসের দিক দিয়ে বেশ টগবগেই ছিলেন তিনি। তার প্রমাণ পাওয়া গেল কোয়ার্টার ফাইনাল ম্যাচেও। মাত্র দু’সেটেই মারেকে হারের তেতো স্বাদ দেন ফেদেরার। ৬-৩ ও ৭-৫ গেমে শেষ আটের ম্যাচ জিতে নিজের পারফরম্যান্সে বেশ খুশি ফেদেরার, ‘ম্যাচটি বেশ সহজেই জিতেছি আমি। তারচেয়ে বড় কথা আমার পারফরম্যান্সে আমি বেশ খুশি। আশা করছি বাকি দু’ম্যাচেও নিজের সেরা পারফরম্যান্সটি দেখাতে সক্ষম হব আমি।’ আজ সেমিফাইনালে রাওনিককে হারাতে পারলে এই টুর্নামেন্টে নিজের ষষ্ঠ শিরোপার দিকে আরেকধাপ এগিয়ে যাবেন ফেদেরার। গতবছর রাফায়েল নাদালের আগে শিরোপা খোয়ানোর আগে ২০১২ আসরেও শিরোপা জিতেছিলেন সুইস সুপারস্টারটি। কোয়ার্টার ফাইনালে রাওনিক ৬-১ ও ৬-০ গেমে হারিয়েছেন পঞ্চদশ বাছাই ইতালির ফ্যাবিও ফগনিনিকে। ফেদেরার জিতলেও কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছেন টুর্নামেন্টের চমক টমি রবরেডো। টুর্নামেন্টের শুরু থেকেই চমক দেখাতে থাকা রবরেডো, শেষ আটে আর সেই ধারা অব্যাহত রাখতে পারেননি। ষষ্ঠ বাছাই স্পেনের ফেরারের বিরুদ্ধে রবরেডো হেরে যান ৪-৬, ৬-৩, ৩-৬ গেমে। কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়ার পথে তৃতীয় রাউন্ডে নোভাক জোকোভিচকে হারিয়েছিলেন রবরেডো। সেমিফাইনালে ফেরার লড়বেন ফ্রান্সের জুলিয়ান বার্তেমেউর বিরুদ্ধে। শেষ আটে বার্তেমেউ হারান অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন স্তানিস্লাস ওয়াওরিঙ্কাকে। ছেলেদের এককে অঘটন ঘটলেও, মেয়েদের এককে সহজ জয়ই পেয়েছেন টপ ফেভারিট সেরেনা ও শারাপোভা। মাত্র ৫৮ মিনিট সময় ব্যয় করে ৬-১ ও ৬-৩ গেমে অষ্টম বাছাই সার্বিয়ার ইয়েলেনা ইয়াঙ্কোভিচকে হারিয়ে দেন উইলিয়ামস পরিবারের ছোট মেয়ে সেরেনা। তাই ম্যাচ শেষে বেশ উত্ফুল্ল ছিলেন সেরেনা, ‘অবশ্যই, এখানে জিততে আমি সবসময় উদগ্রীব থাকি। কিন্তু জয়ের জন্য নিজের উপর খুব বেশি চাপ সৃষ্টি করতে চাইনি। স্বাভাবিকভাবে খেলে সহজ জয় পেয়েছি।’ গতকাল রাতেই সেমিফাইনালে ক্যারোলিন ওজনিয়াকির মুখোমুখি হবার কথা ছিল তার। সেরেনার সহজ জয়ের রাতে বাড়তি ঘাম ঝরাতে হয়েছে শারাপোভাকে। এই রাশিয়ান গ্ল্যামার কুইন সিমোনা হালেপের বিরুদ্ধে শুরুতে পিছিয়েই পড়েছিলেন। দ্বিতীয় বাছাই হালেপের বিরুদ্ধে প্রথম সেটে ৬-৩ গেমে হারলেও দ্বিতীয় সেটে খেলায় ফেরেন শারাপোভা। ৬-৪ ও ৬-৪ গেমে শেষ দুই সেট জিতে সেমিতে নাম লেখান শারাপোভা। ম্যাচ নিয়ে নিজের অভিমত জানাতে গিয়ে শারাপোভা জানালেন নিজের পারফরম্যান্সে মোটেই সন্তুষ্ট নন তিনি। তিনি বলেন, ‘প্রথম সেটে খুবই বাজে খেলেছি আমি। তবে হার নিয়ে মোটে উদ্বিগ্ন ছিলাম না। আত্মবিশ্বাস ছিল দ্রুতই ম্যাচে ফিরতে পারবো। শেষপর্যন্ত তাই হয়েছে। এখন লক্ষ্য সেমিফাইনালের দিকে।’ ফাইনালে যাবার লড়াইয়ে আজ সাবেক একনম্বর আনা ইভানোভিচের মুখোমুখি হবেন তিনি। ২৫ আগস্ট থেকে ইউএস ওপেন শুরু হবার আগে এই টুর্নামেন্টটিকে দেখা যাচ্ছে শিরোপা প্রত্যাশীদের নিজেদের ঝালিয়ে নেয়ার শেষ সুযোগ হিসাবে। -ওয়েবসাইট