বিশ্বকাপ জয়ের পরই একে একে বিদায় নিতে শুরু করেছেন জার্মান খেলোয়াড়রা। অধিনায়ক ফিলিপ লাম ও মিরোস্লাভ ক্লোসার পর এবার জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ডিফেন্ডার পার মার্তেজাকার। স্থানীয় জেডডিএফ টেলিভিশন এবং সুডয়েশে জিটাং পত্রিকায় শুক্রবার দেয়া এক সাক্ষাত্কারে তিনি এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন। মার্তেজাকারের বরাত দিয়ে জেডডিএফ বলেছে, ‘জাতীয় দলের সাথে চমত্কার ১০টি বছর কাটানোর পরে আমি এখন সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আসলে বিশ্বকাপের চেয়ে বড় কোনো কিছু হতে পারে না। ঠিক যেন স্বপ্নের মত করেই সবকিছু শেষ হল।’ একইসাথে অনেক প্রতিভাবান তরুণ খেলোয়াড় যাতে নিজেদের পথ করে নিতে পারে সেই আশাবাদও ব্যক্ত করছি। ২৯ বছর বয়সী এই ডিফেন্ডার জার্মানীর হয়ে ১০৪টি ম্যাচ খেলেছেন। বিশ্বকাপের পর এবার আর্সেনালের হয়ে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগে নিজেকে মেলে ধরতে মরিয়া হয়ে আছেন মার্তেজাকার।
