ভারতীয় মেয়েদের ঐতিহাসিক জয়

আপডেট : ১৬ আগস্ট ২০১৪, ২২:১৩
টেস্ট ক্রিকেটে ইংল্যান্ড মহিলা দলের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে সফরকারী ভারত মহিলা ক্রিকেট দল। ওর্মলেতে স্যার পল গ্যাটে স্টেডিয়ামে গতকাল এই নৈপুণ্য দেখায় ভারতীয় মেয়েরা। চার দিনেই শেষ হয়ে যাওয়া এই টেস্টে ভারতীয় দলের জয়ের নায়ক ছিলেন দ্বিতীয় ইনিংসে অপরাজিত অর্ধশতক করা অধিনায়ক মিতালি রাজ। এটা ভারত মহিলা দলের গত আট বছরের মধ্যে প্রথম টেস্ট। ওর্মলেতে অনুষ্ঠিত এই টেস্টে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে মাত্র ৯২ রানে অল-আউট হয়ে গিয়েছিল ইংল্যান্ড। জবাবে প্রথম ইনিংসে ১৪৪ রান করে ভারত। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা ২০২ রানে অল-আউট হয়ে গেলে জয়ের জন্য অতিথিদের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১৮১ রান। জয়ের জন্য ব্যাট করতে নেমে শুক্রবার চার উইকেট হারিয়ে ১১৯ রান নিয়ে দিনের খেলা শেষ করে ভারত। টেস্টের চতুর্থ দিন গতকাল কোনো উইকেট না হারিয়েই বাকি কাজটা সম্পন্ন করে মিতালি-শিখা পান্ডে জুটি। অধিনায়কের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন শিখা। ২৮ রান নিয়ে অপরাজিত ছিলেন তিনি। পঞ্চম উইকেটে মিথালি-শিখার অপরাজিত ৬৮ রানের জুটির ওপর ভর করে দ্বিতীয় ইনিংসে চার উইকেটে ১৮৩ রান করে ভারত। নিশ্চিত হয় ঐতিহাসিক জয়।