গত বুধবার অনুশীলনে ডানহাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পেয়েছিলেন মুশফিকুর রহিম। এক্সরে রিপোর্টে গুরুতর কোনো চিড় ধরা পড়েনি। বুধবার আর অনুশীলনই করেননি তিনি। গতকাল অবশ্য আবার ব্যাট হাতে দেখা গেছে মুশফিককে। তাই আজ শুরু হতে চলা মিরপুর টেস্টে তার খেলা নিয়ে বড় কোনো সংশয় নেই। অধিনায়ক সাকিব আল হাসানও গতকাল নিশ্চিত করেছেন, ম্যাচ খেললে ব্যাটিং-কিপিং দুটোই করবেন মুশফিক।
তারপরও মনের খচখচানি কাটাতে মুশফিকের বিকল্প হিসেবে টেস্ট দলে অন্তর্ভুক্ত করা হয়েছে লিটন দাসকে। বিসিএলের দ্বিতীয় রাউন্ডে বগুড়ায় ওয়ালটন মধ্যাঞ্চলের হয়ে খেলছিলেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। হঠাত্ করে ডাক পড়ায় গতকাল ম্যাচের দ্বিতীয় দিনের সকালে ঢাকার পথে রওনা হন লিটন। শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৩ রান করে আউট হয়েছিলেন তিনি।
লিটনকে উড়িয়ে আনার বিষয়ে গতকাল ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে সাকিব বলেছেন, ‘ব্যাক আপ হিসেবে রাখা হচ্ছে লিটনকে। কারণ যদি ব্যথাটা বাড়ে, ফোলা থাকে ওইরকম কোন অসুবিধা হয়, তাহলে আমাদের ব্যাক আপ প্ল্যানটা যেন ঠিক থাকে। এই কারণেই লিটনকে আনা।’
তবে অধিনায়ক নিশ্চিত মুশফিক ম্যাচটি খেলবেন। সাকিব বলেন, ‘কিন্তু এখন পর্যন্ত আমি যতটুক জানি যে মুশফিক ভাই খেলবেন এবং দুইটাই করবেন।’
