কৃষ্ণাঙ্গ হত্যা

যুক্তরাষ্ট্রে পুলিশ বিক্ষোভকারী সংঘর্ষ

আপডেট : ১৬ আগস্ট ২০১৪, ২২:৫০
যুক্তরাষ্ট্রের ফার্গুসন শহরে এক কৃষ্ণাঙ্গ কিশোর পুলিশের গুলিতে নিহত হওয়ার প্রতিবাদে আবারো ফুঁসে উঠেছে বিক্ষোভকারীরা। গত বৃহস্পতিবার পরিস্থিতি কিছুটা শান্ত থাকলেও শুক্রবার সন্ধ্যা থেকে গতকাল শনিবার আবার বিক্ষোভকারীরা প্রতিবাদ জানায়। এমনকি দোকানপাটে লুটপাটের ঘটনাও ঘটে। খবর সিএনএন ও রয়টার্সের। বিক্ষোভকারীদের ঠেকাতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। তবে অস্ত্রশস্ত্রে সজ্জিত নিরাপত্তা বাহিনীর গাড়ি দেখা গেলেও বিক্ষোভ দমনে অন্য কোনো অস্ত্র ব্যবহার করেনি নিরাপত্তা বাহিনী। গতকাল শনিবার মাইকেল ব্রাউন নামের এক কৃষ্ণাঙ্গ হত্যার এক সপ্তাহ পূর্ণ উপলক্ষে এই বিক্ষোভ চলে বলে পুলিশ জানায়। পুলিশ কর্মকর্তা ড্যারেন উইলসন ব্রাউনকে হত্যা করে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল। যে স্থানে ব্রাউনকে গুলি করা হয়েছিল সেই স্থানে দাঁড়িয়ে হাত উঁচু করে নীরবতা পালন করে বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীরা গতকাল ফার্গুসন এবং লিকুয়ের মার্কেটে লুটপাট চালায়। পুলিশ জানিয়েছে, ব্রাউন ডাকাতির চেষ্টা করছিল। তবে বিক্ষোভকারীরা জানিয়েছে, পুলিশকে বাঁচাতে এবং ব্রাউনকে খারাপ বানাতেই পুলিশ এগুলো ব্যবহার করছে। বিক্ষোভকারীদের সঙ্গে মূলত সাদা রঙ্গের পুলিশের মুখোমুখি সংঘর্ষ হয়। পুলিশকে লক্ষ্য করে বিক্ষোভকারীরা বোতল নিক্ষেপ করে। টেরেল নামের ১৮ বছরের এক বিক্ষোভকারী বলেন, গায়ের রঙ্গের জন্য আমাকে অনেককিছু সহ্য করতে হয়েছে। পুলিশের নৃশংসতায় আমি ক্লান্ত, এটা আর নয়। বিচার না পাওয়া পর্যন্ত প্রতিদিন বিক্ষোভ চালিয়ে যাব। মিসৌরির ওই ঘটনার শান্তিপূর্ণ সমাধান চেয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। দেশটির মানবাধিকার কর্মীরাও এ নিয়ে কথা বলেছেন। ফার্গুসন শহরের ২১ হাজারের মতো বাসিন্দা রয়েছেন যাদের দুই-তৃতীয়াংশই কৃষ্ণাঙ্গ। আর সেখানকার ৫৩ জন পুলিশ কর্মকর্তার মধ্যে কৃষ্ণাঙ্গ রয়েছেন মাত্র তিনজন।